Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

দুধের নানা রেসিপি

সে প্রায় দশ হাজার বছর আগের কথা, নব্য প্রস্তর সভ্যতার সময়কাল। সেই সময় গৃহপালিত পশুপালনের চল বেড়ে গিয়েছিল গৃহস্থ বাড়িতে। গোরু, মোষ, ভেড়া, ছাগল ইত্যাদি নানা পশুপালন করে অনেকেই জীবিকা নির্ধারণ করতেন।

দুধের নানা রেসিপি
  • ৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুধে পুষ্টির ভাগ ষোলো আনা। তার সঙ্গে এবার যুক্ত হল স্বাদ। দুধের কয়েক পদ বানিয়ে ফেলুন বাড়িতেই।

Advertisement

সে প্রায় দশ হাজার বছর আগের কথা, নব্য প্রস্তর সভ্যতার সময়কাল। সেই সময় গৃহপালিত পশুপালনের চল বেড়ে গিয়েছিল গৃহস্থ বাড়িতে। গোরু, মোষ, ভেড়া, ছাগল ইত্যাদি নানা পশুপালন করে অনেকেই জীবিকা নির্ধারণ করতেন। এইসব পশু নানা কাজে লাগত। কখনও লাঙল চালানোর কাজে লাগানো হতো, কখনও বা এদের উল ব্যবহার করে তা দিয়ে তৈরি হতো নানাধরনের পোশাক বা নিত্য প্রয়োজনীয় জিনিস। আবার কখনও তাদের মাংস ও দুধ খাওয়া হতো। সেই থেকেই গৃহস্থ বাড়িতে দুধ নামের পানীয়টি খাওয়ার চল বেড়ে যায়। খুব পুষ্টিকর এই খাবার খেলে পেটও ভরে। এ যেন এক ঢিলে দুই পাখি। তাছাড়া বেশিরভাগ বাড়িতেই এর জোগানের সমস্যা নেই। সব মিলিয়ে দুধের কদর বাড়তে শুরু করে। কিন্তু সেই সময় দুধ ছিল শুধুই পান করার জিনিস। তা থেকে অন্য কিছু বানানোর উপায় তখনও কেউ ভেবে ওঠেননি। এরপর বহু যুগ পর বাণিজ্য বাড়তে শুরু করলে দুধের বিক্রি ও তা থেকে নিত্যনতুন জিনিস তৈরির চাহিদাও বাড়তে থাকে। যেমন দুধ থেকে মাখন, বা চিজ তৈরি হল। সর জ্বাল দিয়ে বাড়ির গৃহিণীরা তৈরি করতে শুরু করলেন ঘি। এরও পরে দুধ থেকেই নির্মিত হতে থাকে সুস্বাদু খাবার। পায়েস, পিঠে, শেক আরও কত কী!

ড্রাই ফ্রুটস মিল্ক শেক 

উপকরণ: জ্বাল দেওয়া ঠান্ডা দুধ ২ গ্লাস, খেজুর ৮টা, কাজুবাদাম ১০টা, আমন্ড (ভিজিয়ে খোসা ছাড়ানো) ১০টা, কিশমিশ ২০টা, মধু ২ টেবিল চামচ। 

প্রণালী: খেজুর ভালো করে ধুয়ে দানা ছাড়িয়ে কুচিয়ে রাখতে হবে। কিশমিশ ভালো করে ধুয়ে নিতে হবে। মিক্সিতে কাজু, আমন্ড, কিশমিশ, খেজুর একসঙ্গে নিয়ে  তার মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এরমধ্যে দুধ মিশিয়ে আবারও পুরোটা একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। এরপর তা গ্লাসে ঢেলে মধু মিশিয়ে পরিবেশন করতে হবে।

মিল্ক ফ্রাই 

উপকরণ: দুধ ৫০০ মিলি, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, ডিম ২টো, এলাচের গুঁড়ো ১ চিমটে, চিনি ৪ টেবিল চামচ, বিস্কুটের গুঁড়ো ১ কাপ, মাখন ১ টেবিল চামচ, সাদা তেল ভাজার জন্য।

প্রণালী: দুটো ডিমের কুসুম আলাদা করে নিন। এবার একটি প্যানে দুটো ডিমের কুসুম, দুধ, চিনি, এলাচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার নিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিন। গ্যাসে মাখন গলিয়ে নিন। তাতে এই মিশ্রণ দিয়ে ক্রমাগত নাড়তে নাড়তে মেশান। যখন বেশ মণ্ড হয়ে আসবে তখন মাখন দিয়ে নেড়ে আবারও মেশান। নামিয়ে ঠান্ডা করে নিন। একটি বোলের মধ্যে ডিমের সাদা অংশ নিয়ে তা ফেটিয়ে রাখতে হবে। এবার  দুধের মিশ্রণে তৈরি মণ্ড থেকে অল্প করে নিয়ে যে কোনও আকারে তা গড়ে নিন। ডিমের সাদায় তা ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিন। এবার কড়াইতে তেল গরম করে ডুবো তেলে ভেজে তুলে নিতে হবে মিল্ক ফ্রাই।

চকোলেট  মিল্ক পুডিং

উপকরণ: ৫০০ মিলি ফুল ফ্যাট দুধ, কোকো পাউডার ৩ টেবিল চামচ,  চিনি ৫ টেবিল চামচ, ডিম ৩ টে, চকোলেট চিপস ১ টেবিল চামচ।

প্রণালী: একটি গোল টিফিন বক্সে চিনি, কোকো পাউডার আর ডিম নিন। খুব ভালো তা একসঙ্গে ফেটিয়ে নিন। হালকা গরম দুধ এই মিশ্রণে ঢেলে দিন। তারপর সবটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার বক্সটা বন্ধ করে দিন। একটা প্রেশার কুকারের ভিতর অল্প জল দিন। তার ভিতরে মুখবন্ধ টিফিন বক্স বসিয়ে কুকার বন্ধ করে দিন। এবার তা গ্যাসে বসিয়ে একটা সিটি দিয়ে দিন। এবার গ্যাস থেকে নামিয়ে ১৫ মিনিট রেখে দিন ওই অবস্থায়। তারপর প্রেশার কুকার খুলে বক্সটা বের করে নিন। মুখ খুলে উপরে চকো চিপস ছড়িয়ে দিন। আবারও বক্স বন্ধ করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। তারপর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পরিবেশন করুন। আভেনেও এই রেসিপি করতে পারেন। সেক্ষেত্রে যে কোনও পাত্রে জল দিয়ে টিফিন বক্স বসিয়ে ঢাকা দিন। ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৫০ মিনিট বেক করতে হবে।
মনীষা দত্ত

Advertisement
সম্পর্কিত সংবাদ