Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

টুকরো খবর

বেড়াতে গিয়েই মনে হয় কখন এসব ছবি সোশ্যাল মাধ্যমে পোস্ট করব! নানা সেলফি, ছবি ও ভিডিওকে সযত্নে রেখে দেওয়া হয় মোবাইলে, যতক্ষণ না অবধি তাদের পোস্ট করা হচ্ছে।

টুকরো  খবর
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কেরল ট্যুরিজম নিয়ে এল ‘ট্রাভেল নাও, পোস্ট লেটার’

Advertisement

বেড়াতে গিয়েই মনে হয় কখন এসব ছবি সোশ্যাল মাধ্যমে পোস্ট করব! নানা সেলফি, ছবি ও ভিডিওকে সযত্নে রেখে দেওয়া হয় মোবাইলে, যতক্ষণ না অবধি তাদের পোস্ট করা হচ্ছে। পর্যটনশিল্পে বেশিরভাগ পর্যটকের কাছেই ঘুরতে যাওয়ার আরেক অর্থ, ভালো ছবি পোস্ট করা। কেরল ট্যুরিজম এই ভাবনাকেই পাল্টে ফেলতে বলছে। ‘ট্রাভেল নাও, পোস্ট লেটার’ বা এখন ভ্রমণ করুন, পরে ছবি পোস্ট করুন ক্যাম্পেনের মাধ্যমে তারা মননশীল ভ্রমণকে উৎসাহিত করছে। ‘মননশীল ভ্রমণ’ কী? সংস্থার মতে, একটি দ্রষ্টব্য স্থানে বেড়াতে গিয়ে মানুষ চোখের চেয়েও বেশি ক্যামেরা দিয়ে দেখে। তাই জায়গাটির খুঁটিনাটি তারা উপভোগ করতে পারে না। শুধু মূল কিছু জায়গার ছবি তুলতেই ব্যস্ত থাকে। কিন্তু স্থানটির সৌন্দর্য উপভোগ করতে চাইলে নিজের চোখ ও মনকে কাজে লাগাতে হবে। অনুভবের মধ্যে দিয়েই ভ্রমণ সম্ভব। তাই ভ্রমণ মানেই শুধু ছবি তুলে প্রচার করা নয়, বরং সেই মুহূর্তে সশরীরে উপস্থিত থেকে অভিজ্ঞতা অর্জন করা। বসন্ত পেরলেই গরমকাল। শুরু হয়ে যাবে গ্রীষ্মকালীন ছুটি। সেই মরশুমের জন্য পর্যটকদের মধ্যে নতুন করে ভ্রমণভাবনার বদল ঘটাতে কেরালা ট্যুরিজম একটি সর্বভারতীয় প্রচার অভিযান শুরু করবে। জানুয়ারি-মার্চ মাসের মধ্যে দেশের প্রধান শহরগুলোতে ধারাবাহিক রোড শো-র আয়োজন করবে। শীর্ষস্থানীয় বাণিজ্য মেলাগুলোতেও অংশগ্রহণ করবে। কেরলে কোচিকে কেন্দ্র করে যে নতুন পর্যটনশিল্প গড়ে উঠছে, তার প্রচার ও প্রসারেও এই ক্যাম্পেন বিশেষ কাজে লাগবে। কেরলের আরেকটি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘নিশাগান্ধি নৃত্য উৎসব’। এটি ফেব্রুয়ারি মাসে আয়োজিত হয়। এই ক্যাম্পেনের মাধ্যমে এসবের পাশাপাশি উত্তর কেরলের কোঝিকোড়, ওয়ায়ানাদ এবং বেকলের উপর বিশেষ নজর দেবে। এর পাশাপাশি স্বল্পপরিচিত স্থানগুলোরও উন্নত পরিকাঠামো এবং সাধারণ ব্যাকওয়াটার বা সমুদ্র সৈকতের বাইরে বিভিন্ন কার্যক্রমকেও তুলে ধরা হবে। রোডশো-এর সঙ্গে সামঞ্জস্য রেখে গত ২০ জানুয়ারি নয়া দিল্লিতে কেরল ট্যুরিজম ‘লেনস্কেপ কেরালা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করেছিল।
ভ্রমণ প্রচারে রোড-শো দক্ষিণ আফ্রিকা পর্যটন বিভাগ
• ভ্রমণ এখন আর বিলাসী মানুষের নেহাত শখ নয়। বরং কয়েক দশক ধরেই দেশের জিডিপি থেকে বাণিজ্যখাত সবক্ষেত্রেই দেশকে সমৃদ্ধ করে ভ্রমণ। পর্যটকের দৃষ্টিভঙ্গি বদলের সঙ্গে দেশের আর্থিক উন্নতিতেও ভ্রমণ সদর্থক ভূমিকা পালন করে। এই লক্ষ্যেই পরিচালিত হয় ওটিএম বা ‘আউটবাউন্ড ট্র্যাভেল মার্ট’। এটি ভারতের শীর্ষস্থানীয় এক ভ্রমণ বাণিজ্য প্রদর্শনী। বিশ্বব্যাপী গন্তব্যস্থল, ভ্রমণ ব্র্যান্ড এবং পর্যটকদের এক ছাদের নীচে একত্রিত করে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। ওটিএম মুম্বইতে এই বিষয়ে একটি রোড শো-র আয়োজন করা হয়। এই শো-এর সাফল্যের পর দক্ষিণ আফ্রিকার পর্যটন বিভাগ সম্প্রতি তার বার্ষিক ইন্ডিয়া রোড-শো-র কলকাতা পর্ব সম্পন্ন করেছে। এই রোড-শো-তে কলকাতায় ২২০টিরও বেশি ভারতীয় ভ্রমণ ব্যবসায়ী অংশগ্রহণ করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বাজারে ভারতের ক্রমবর্ধমান গুরুত্ব আরও জোরদার করতেই এই পদক্ষেপ। মিতালি করমারকর, বিপণন ও যোগাযোগ ব্যবস্থাপক (এম. ই. আই. এস. ই. এ)-এর নেতৃত্বে এই রোড-শো অনুষ্ঠিত হয়েছে। দেশটি ২০২৭ সালে ওয়ান ডে বিশ্বকাপও আয়োজন করতে চলেছে। যা দেশের বৈচিত্রময় পর্যটনস্থান পরিদর্শনের সুযোগ প্রদান করবে। তার আগে এই রোড-শোগুলি দক্ষিণ আফ্রিকার পর্যটন মানচিত্রকে আরও শক্তিশালী করে তুলবে বলেই বিশেষজ্ঞদের মত।
প্রবীণ নাগরিকদের জন্য ‘আবদার’
• প্রবীণ নাগরিকদের নিরাপত্তা, সময়োপযোগী সহায়তা নিশ্চিত করতে কলকাতায় আনুষ্ঠানিকভাবে চালু হল এক নতুন এল্ডার কেয়ার অ্যাসিওরেন্স প্রোগ্রাম। নাম, ‘আবদার’। সিসপিডিয়া টেকনোলজিস প্রাইভেট লিমিটেড-এর উদ্যোগে কার্ড ভিত্তিক এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হয় সম্প্রতি। প্রবীণরা দৈনন্দিন জীবনে যেন আচমকা দুর্ঘটনার সময় একা না হয়ে পড়েন, তা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য। প্রচলিত এল্ডার কেয়ার পরিষেবার থেকে আলাদা পথে হাঁটছে ‘আবদার’। প্রতি সদস্যের জন্য একজন করে ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার থাকছেন। তিনিই জরুরি পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে সমস্ত সাহায্য করবেন। এল্ডার কেয়ারের ক্ষেত্রে প্রথমবার পাওয়া যাচ্ছে হঠাৎ দুর্ঘটনা ও স্বাস্থ্য বিমা। ৬৫ লক্ষ টাকা পর্যন্ত কভারেজ পাওয়া যাবে। এই উদ্যোগের প্রশংসা করেছেন গায়ক সৌমিত্র রায়। তিনি বলেন, ‘এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আর অপেক্ষা না করে, প্রবীণ মানুষরা শীঘ্রই কার্ড নিয়ে নিন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ