সংবাদদাতা, ময়নাগুড়ি: সামনেই কালীপুজো। সবাই এখন বাজি কিনতে ব্যস্ত। তার মধ্যেই ফের রাজ্যে উদ্ধার হল বেআইনি শব্দবাজি। এবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ ভূষ্কাডাঙ্গা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায় ময়নাগুড়ি থানার পুলিশ। সেখানেই অবৈধ শব্দবাজি সহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তের নাম কৃষ্ণকান্ত বলো।
জানা গিয়েছে, বিশেষ অভিযান চালিয়ে ওই অভিযুক্তকে বেআইনি বাজি সহ পাকড়াও করা হয়েছে। ইতিমধ্যেই ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। নিষিদ্ধ শব্দবাজি আর অন্য কোথাও তৈরি হচ্ছে কিনা সেই বিষয়েও নজরদারি চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের বেশ কিছু জায়গায় বেআইনি বাজি উদ্ধার করেছে পুলিশ। গতকালই বিশেষ অভিযান চালিয়ে উলুবেড়িয়া থেকে বিপুল পরিমাণ অবৈধ বাজি উদ্ধার করে পুলিশ। সেখানেও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বরাষ্ট্রসচিব এবারের বাজি পোড়ানো নিয়ে নির্দেশিকা জারি করেছে। কালীপুজোয় রাত ৮টা থেকে ১০ পর্যন্ত বাজি পোড়ানো যাবে। সবুজ বাজি ছাড়া অন্য কোনো বাজি পোড়ানো যাবে না বলেও জানানো হয়েছে।



