ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া এলাকায় পুলিশি অভিযান, উদ্ধার বিপুল পরিমান বিস্ফোরক, গ্রেপ্তার ১
  • ৬ নভেম্বর, ২০২৬ ১১:৪৫
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: বীরভূমের মুরারইয়ের পর এবার নলহাটি। গোপন সূত্রে অভিযান চালিয়ে আবার বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। বুধবার রাতে ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৬০০টি জিলেটিন স্টিক উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক বিস্ফোরক পাচারকারীকে গ্রেপ্তার করেছে নলহাটি থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে ঝাড়খণ্ড থেকে দুটি মোটরসাইকেলে চাপিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে আসা হচ্ছিল। নলহাটির বাহাদুরপুর পাথর শিল্পাঞ্চল এলাকায় ওই বিস্ফোরক পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল পাচারকারীদের। তবে গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বৈধরা গ্রামের কাছে ওত পেতে বসে পুলিশ। বাইক দুটি এলাকায় পৌঁছতেই পুলিশ সেগুলিকে আটকায়।

পুলিশকে দেখে এক বাইক চালক গাড়ি ফেলে এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে অপর বাইকের চালক তথা পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ কর্মী। আটক দুটি মোটরসাইকেল তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মোট ১৬০০ পিস জিলেটিন স্টিক।

বিস্ফোরক পাচারের এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, সে বিষয়ে নিশ্চিত হতে গ্রেপ্তার হওয়া পাচারকারীকে দফায় দফায় জেরা করছে পুলিশ। পলাতক বাইক চালকের খোঁজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। প্রাথমিক অনুমান, পাথর খাদানে অবৈধভাবে ব্যবহারের জন্যই এই বিস্ফোরক আনা হচ্ছিল। উল্লেখ্য, বুধবার রাতে মুরারই এর বড়ুয়া গোপালপুর গ্রামে বেঙ্গল এসটিএফ এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে অবৈধ বিস্ফোরক উদ্ধার করে । এই ঘটনায় গ্রেফতার করা হয় ওই এলাকারই বৈধ কারবারি ও তার ম্যানেজারকে।