Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

বছর শেষের সাজ

কলকাতায় শীত মাত্র কয়েকদিনের অতিথি। তার মধ্যেই থাকে নানা অনুষ্ঠান। ঠান্ডা যতই পড়ুক, ফ্যাশনের সঙ্গে আপস করা চলে না।

বছর শেষের সাজ
  • ২৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পার্টি হোক বা পিকনিক, বছর শেষে কীভাবে সাজবেন? হদিশ দিলেন যশ ও মানালি।

Advertisement

কলকাতায় শীত মাত্র কয়েকদিনের অতিথি। তার মধ্যেই থাকে নানা অনুষ্ঠান। ঠান্ডা যতই পড়ুক, ফ্যাশনের সঙ্গে আপস করা চলে না। পার্টি হোক বা পিকনিক, মুড বুঝে সাজে বদলও আনতে হবে। বাঙালিয়ানার চেনা ছন্দ বজায় রেখেই ফ্যাশনে নতুনত্ব আনতে পারেন। শাড়ি আর পাঞ্জাবি বাঙালির সারা বছরের সঙ্গী। শীতকালীন অনুষ্ঠানেও সেই চিরন্তন পোশাকেই সাজুন। 
চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে যশ দাশগুপ্ত বেছে নিয়েছিলেন এক সেট পাজামা-পাঞ্জাবি। ধূসর পাঞ্জাবির গলার কাছে সুতোর ভরাট কাজ। তার সঙ্গে ম্যাচ করে রয়েছে মেরুন রঙা পাজামা। পারিবারিক কোনও অনুষ্ঠানের জন্য এই ধরনের পোশাক আদর্শ।
মানালির পরনে রয়েছে সিল্কের শাড়ি। কমলা, মেরুন ও বেজের কম্বিনেশনে তৈরি শাড়িটি একেবারে হালকা। দিনভর পিকনিকের প্ল্যান থাকলে এই ধরনের শাড়ি বেছে নিতে পারেন। সকলের মধ্যে উজ্জ্বল লাগবে আপনাকেই। আবার কোনও পার্টিতে এই ধরনের লুক ট্রাই করলেও রঙিন হয়ে উঠবে আপনার উপস্থিতি। মানালি খোলা চুল খানিক কোঁকড়া করে নিয়েছেন। স্বল্প মেকআপ সঙ্গে মানানসই গয়নায় সাজ সম্পূর্ণ। 
কলকাতার একটি নামজাদা হোটেলে সেদিন চলছিল যশের ফ্যাশন শ্যুট। হোটেলের পুল সাইড চেয়ারে বসে ক্যামেরায় তাকালেন নায়ক। চারপাশ উজ্জ্বল হয়ে উঠল। মানালি আবার শ্যুট করলেন শহরের চেনা রাস্তায়। নায়িকাকে সামনে দেখে দাঁড়িয়ে পড়লেন পথচারী অনেকেই। সেলফির আবদার এল। শীতের বিকেল যেন ফ্রেমে বাঁধানো ছবি হয়ে উঠল।
যশ এবং মানালি দু’জনেই বিশ্বাস করেন স্টাইল আসলে ব্যক্তিবিশেষে বদলে যায়। যে কোনও পোশাক ক্যারি করতে পারলে তবেই তার সৌন্দর্য ফুটে ওঠে। পাজামা-পাঞ্জাবি ক্যারি করতে পারলে তবেই পরুন। শীতের দিনে তার সঙ্গে মানানসই শাল জড়িয়ে ফ্যাশন করতে পারেন। বছরের এই সময়টাই সিল্ক, তসরের কদর বাড়ে। গ্রীষ্মপ্রধান দেশে বেশিরভাগ সময়টাই আবহাওয়ার কথা মাথায় রেখে এই ধরনের ফ্যাব্রিক পরা সম্ভব হয় না। তাই শীতের মিঠে রোদ গায়ে মেখে সিল্কের ফ্যাশন করুন নিশ্চিন্তে। মানালি আঁচল খুলে শাড়িটি পরেছেন। কেউ চাইলে প্লিট করে নিতে পারেন। এই ধরনের শাড়ি গায়ের সঙ্গে লেগে থাকে। ফলে সামলানো খুব সহজ। সাজ সম্পূর্ণ করতে সঠিক জুতো পরাও জরুরি। পাজামার সঙ্গে নাগরা জাতীয় জুতো পরতে পারেন। আর হিল জুতো পরুন শাড়ির সাজে। তবে একটু অন্যভাবে স্টাইলিং করতে চাইলে শাড়ির সঙ্গে বুটের ফ্যাশন করুন। 
স্বরলিপি ভট্টাচার্য

Advertisement
সম্পর্কিত সংবাদ