রুটস অব ক্যালকাটার স্পেশাল বুফে
• বিজলি গ্রিল-এর রুটস অব ক্যালকাটা দুর্গোৎসবের দুপুরে নিয়ে এসেছে বিশেষ বুফে মেনু। প্রতিদিন বেলা ১২টা থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত চলবে এই বুফে। তবে কেউ চাইলে আ লা কার্ট মেনু থেকেও অর্ডার করতে পারেন। ডিনারে থাকছে শুধুই আ লা কার্টের আয়োজন। নিউ টাউন প্লাজার দ্বিতীয় তলে ওই রেস্তরাঁয় আজ, সপ্তমীতে পাবেন ম্যাঙ্গো চিলি, ভেজ ও নন ভেজের লোভনীয় চার রকমের স্টার্টার। মেন কোর্সে থাকছে ছানার মালাইকারি, নবরত্ন কোর্মা, ক্যালকাটা ফিশ ফ্রাই, চিংড়ি ভুনা, পাবদা সরষে, মাটন কষা ইত্যাদি পদ সহ নানারকমের বাঙালি ডেজার্ট। ১৮ অক্টোবর থাকবে লোভনীয় স্টার্টার, ইংলিশ ফিশ ফ্রাই, ধোকার কালিয়া, পাবদা, চিকেন রেজালা, মাটন কোর্মা, কালাকাঁদ, মিষ্টি দই ইত্যাদি। ১৯ অক্টোবর পাবেন হ্যালাপিনো চিজ বল, পনির টিক্কা, কুং পাও ড্রাই চিকেনের মতো স্টার্টার। মেন কোর্সে পাবেন হরেক বাঙালি পদ ও ডেজার্ট। নিরামিষেরও এলাহী আয়োজন রয়েছে। ২০ অক্টোবর পাবেন ভারতের রকমারি সব পদ। যেমন, প্যান ফ্রায়েড কটেজ চিজ, ডাল বুখারা, হায়দরাবাদি মোতি মটর, ক্রিমি কর্ন পালক, চিকেন কাটলেট, মাটন রোগান জোশ, অমৃতসরি ফিশ মশালা ইত্যাদি। চাটনি ও ডেজার্ট বিভাগেও থাকছে নানা আকর্ষণীয় খাবার। প্রতিদিনই খরচ পড়বে ১৩৯৯ টাকা জনপ্রতি। সঙ্গে অতিরিক্ত কর।
তাজ -এর পুজো আয়োজন
• দুর্গাপুজো উপলক্ষ্যে কলকাতায় তাজ আয়োজন করেছে পুজো স্পেশাল খাবারদাবারের। খাঁটি বাঙালি স্বাদের আস্বাদ নিতে পারেন তাজ বেঙ্গলের সোনারগাঁও-এ। ২০ অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত সোনারগাঁও- এ বিশেষ থালির জনপ্রতি খরচ: মহাভোজ সি ফুড থালি ৪৫০০ টাকা, মহাভোজ আমিষ থালি ৪০০০ টাকা, মহাভোজ নিরামিষ থালি ৩৭০০ টাকা। কর অতিরিক্ত। নিউ টাউনে তাজ সিটি সেন্টারেও চলবে ‘শারদীয়া মহাভোজ’। থাকছে লাইভ মিউজিকও। এখানে ‘শামিয়ানা’-র বুফেতে খাঁটি বাঙালি খাবারের খরচ জনপ্রতি ২৫০০ টাকা, কর অতিরিক্ত। তাজ তাল কুটির- এও ডাইনিং অফার চলবে ২১ অক্টোবর পর্যন্ত। এখানে দ্য বারান্দা-র মেনুতে থাকছে আ-লা কার্টে ব্যবস্থা।
কেনিলওয়ার্থের ভোজ
• কেলিনওয়ার্থ হোটেলও সেজেছে পুজোর সাজে। এখানকার রেস্তরাঁ অ্যারোমাস-এ ১৭- ২০ অক্টোবর পর্যন্ত দুপুর ও রাতে বিশেষ বুফে ‘পুজোর সেরা ভোজ’-এর আয়োজন করা হয়েছে। বাঙালির সাবেকি ও ঐতিহ্যবাহী পদের বিপুল সম্ভারে এই বুফে সেজেছে। স্টার্টার ও স্ন্যাক্সে পাবেন মৌরলা মাছের পেঁয়াজি ও আম ছানার কাটলেট। এছাড়াও নানা ভাজা ও ভর্তার বিপুল আয়োজন থাকছে। মেন কোর্সে পাবেন গোয়ালন্দ চিংড়ি, ভাপা ইলিশ, ঢাকাই পোড়া মাংস ইত্যাদি। নিরামিষ পছন্দ হলেও থাকছে বিপুল আয়োজন। শেষপাতে পাবেন লোভনীয় ডেজার্ট। খরচ বড়দের ২১৯৯ টাকা। ৬-১০ বছরের শিশুদের জন্য ১৪৯৯ টাকা, সঙ্গে কর।
হায়াত সেন্ট্রিক বালিগঞ্জ-এর অফার
• হায়াত সেন্ট্রিক বালিগঞ্জ কলকাতা আয়োজন করেছে ‘শক্তি রূপে রূপে’। ‘হ্যান্ডস অব শক্তি’ উদ্যোগের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য জানানো হচ্ছে এমন কিছু ব্যক্তিকে, যাঁদের দক্ষতা, আবেগ এবং কাজ শহরে উৎসবের আমেজ বাঁচিয়ে রাখে। এছাড়া ২১ অক্টোবর পর্যন্ত এখানকার ‘যাযাবর’রেস্তরাঁয় প্রতিদিন সম্পূর্ণ ভিন্ন মেনুর আয়োজন থাকছে। বাঙালি খাবারের পাশাপাশি সারা দেশেরই নানা খাবার এবং ডেজার্টও মিলবে। প্রথম ৫০টি বুকিংয়ের জন্য থাকছে আর্লি বার্ড অফার। আ লা কার্ট দু’জনের জন্য আনুমানিক ২,৫০০ টাকা, কর অতিরিক্ত।



