হাওড়া জিআরপির তৎপরতায় উদ্ধার প্রায় ৭ লক্ষ টাকার গয়না
  • ২৩ অক্টোবর, ২০২৬ ১২:৩২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়ো সাফল্য। হাওড়া জিআরপি জেলার দুই থানার তৎপরতায় উদ্ধার করা হল প্রায় সাত লক্ষ টাকা মূল্যের সোনার গয়না। কামারকুণ্ডু ও শেওড়াফুলি জিআরপি থানার পুলিশের দ্রুত পদক্ষেপে ট্রেনের কামরায় ফেলে যাওয়া গয়নাভর্তি ব্যাগ ফিরে পেলেন তার প্রকৃত মালিক।

Advertisement

জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় তারকেশ্বর-হাওড়া লোকাল ট্রেনে কামারকুণ্ডু স্টেশনে নামার সময় এক মহিলা নিজের হ্যান্ডব্যাগটি ট্রেনের কামরায় ফেলে নেমে যান। ওই ব্যাগে বেশ কিছু মূল্যবান সোনার গয়না ছিল তাঁর। এরপর বিষয়টি জানতে পেরে কামারকুণ্ডু জিআরপি থানার তরফে শেওড়াফুলি জিআরপি থানাকে খবর দেওয়া হয়। খবর পেয়েই শেওড়াফুলি রেলস্টেশনে ট্রেনটি পৌঁছতেই তল্লাশি চালায় জিআরপির কর্মীরা। আর সেই তল্লাশিতে উদ্ধার হয় ওই মহিলার ফেলে যাওয়া ব্যাগটি। হারিয়ে যাওয়া ব্যাগের ভিতর থেকে প্রায় ৪০ গ্রাম ওজনের এক জোড়া সোনার বালা, প্রায় ৩ গ্রাম ওজনের এক জোড়া কানের দুল এবং প্রায় ৫ গ্রাম ওজনের দুটি সোনার লকেট উদ্ধার করা হয়েছে। এরপর পুলিশের তরফে ওই মহিলাকে খবর দেওয়া হলে ওই মহিলা শেওড়াফুলি জিআরপি থানায় পৌঁছয়। যথাযথ যাচাইয়ের পর তাঁর হাতে ব্যাগটি তুলে দেওয়া হয় জিআরপির তরফে। ব্যাগের সমস্ত সামগ্রী অক্ষত অবস্থায় ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন তিনি। পুলিশের দ্রুত তৎপরতা ও সহযোগিতার প্রশংসা করার পাশাপাশি জিআরপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও জানান ওই মহিলা।