ঠাকুর দেখতে বেরিয়ে স্যস গড়ানো রোল না পেলে পুজোই জমে না! বন্ধুদের সঙ্গে আড্ডার জুটি রোল। সেসব নস্টালজিয়ার কথা উসকে দিতেই পুজোর দিনে রইল রোলের রেসিপি।
চিজি চিকেন রোল
চেনা চিকেন রোলের সঙ্গে চিজ মেশালে স্বাদ আরও খোলতাই হয়।
উপকরণ: বোনলেস চিকেন ২০০ গ্রাম, নুন, হলুদ গুঁড়ো ১ চামচ, কাশ্মীরি লংকা গুঁড়ো ১ চামচ, জিরে গুঁড়ো ১ চামচ, ধনে গুঁড়ো ১ চামচ, আদা-রশুন বাটা ১ চামচ, টক দই ১ চামচ, লেবুর রস, ময়দা ২০০ গ্রাম, সাদা তেল ভাজার জন্য, জল, পেঁয়াজ কুচি ১টি, ক্যাপসিকাম কুচি ১টি, কাঁচালংকা কুচি ২টি, টম্যাটো স্যস ২ চামচ, গ্রেটেড চিজ ১ কিউব।
প্রণালী: বোনলেস চিকেনের সঙ্গে আদা-রশুন বাটা, টক দই, লেবুর রস, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লংকা গুঁড়ো, জিরে- ধনে গুঁড়ো ও নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। অন্যদিকে নুন, সাদা তেল ও জল দিয়ে ময়দা নরম করে মেখে রেখে দিন। কড়ায় সাদা তেল গরম করে ম্যারিনেট করা চিকেন ভালো করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই পেঁয়াজ ও ক্যাপসিকাম হালকা ভেজে চিকেনের সঙ্গে মিশিয়ে নিন। এবার ময়দা থেকে লেচি কেটে পাতলা করে বেলে পরোটা তৈরি করে হালকা সেঁকে নিন। এরপর সাদা তেলে দু’পিঠ ভেজে নিন। পরোটার উপর চিকেনের পুর দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচালংকা কুচি, টম্যাটো স্যস ও গ্রেটেড চিজ ছড়িয়ে ভালো করে মুড়ে রোলের আকার দিন। এবার নীচের অংশ দোকানের মতো করে কাগজ দিয়ে মুড়ে সাজিয়ে দিলেই তৈরি চিজ চিকেন রোল।
মাটন কিমা রোল
মাটন কিমা দিয়ে রোল তৈরি করুন বাড়িতেই। পুজোয় এই জলযোগ অনবদ্য।
উপকরণ: মাটন কিমা ১৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ১টি, আদা-রশুন বাটা ১ চামচ, হলুদ গুঁড়ো ১ চামচ, ধনে-জিরে গুঁড়ো ১ চামচ করে, কাশ্মীরি লংকা গুঁড়ো ১ চামচ, কাঁচালংকা কুচি ২টি, নুন, জল, ময়দা ২০০ গ্রাম, সাদা তেল ২ পলা, সরষের তেল ১ পলা।
প্রণালী: কড়াইতে সরষের তেল গরম করে পেঁয়াজ কুচি ও আদা-রশুন বাটা দিয়ে ভেজে নিন। এবার মাটন কিমা দিয়ে ভালো করে কষিয়ে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লংকা গুঁড়ো, নুন ও সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিন। কিমা সেদ্ধ হয়ে মশলা শুকিয়ে এলে নামিয়ে রাখুন। অন্যদিকে ময়দার সঙ্গে নুন, সামান্য সাদা তেল ও অল্প জল দিয়ে নরম করে মেখে লেচি কেটে পাতলা করে বেলে নিন। তাওয়ায় সেঁকে, সাদা তেলে দু’পিঠ ভেজে পরোটা তৈরি করুন। পরোটার উপর মাটন পুর ও কাঁচালংকা কুচি ছড়িয়ে রোল বানিয়ে নিন। নীচের অংশ কাগজ দিয়ে মুড়ে পরিবেশন করুন।
• রেসিপি: মৌসুমী দাস
• ছবি: শুভজিৎ মণ্ডল



