যাই যাই করে তবু শীতের রেশটুকু রয়ে গিয়েছে আবহাওয়ায়। রাতের দিকে বাতাসে ঠান্ডা ভাব। এমন সময় ধূমায়িত কফি আর কাবাব চাই পাতে। তিন ধরনের কাবাবের রেস্তরাঁ স্টাইল রেসিপি জানালেন আউধ ১৫৯০ থেকে শেফ ডেভিড।
যাই যাই করে তবু শীতের রেশটুকু রয়ে গিয়েছে আবহাওয়ায়। রাতের দিকে বাতাসে ঠান্ডা ভাব। এমন সময় ধূমায়িত কফি আর কাবাব চাই পাতে। তিন ধরনের কাবাবের রেস্তরাঁ স্টাইল রেসিপি জানালেন আউধ ১৫৯০ থেকে শেফ ডেভিড।
আফগানি মালাই টেংরি কাবাব
উপকরণ: চিকেনের লেগ পিস ৬-৮টা, ফ্রেশ ক্রিম কাপ, জল ঝরানো টক দই কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রশুন বাটা ১ টেবিল চামচ, কাঁচালঙ্কা বাটা ১ চা চামচ, সাদা জিরে গুঁড়ো ১ চা চামচ, কাজু বাটা ২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, কোরানো চিজ ২ টেবিল চামচ, মাখন ২ টেবিল চামচ, নুন স্বাদমতো।
প্রণালী: একটা পাত্রে ক্রিম নিন। তা হালকা হাতে কাঁটা চামচের সাহায্যে অল্প ফেটিয়ে নিন। এবার তার সঙ্গে দই, আদা রশুন বাটা, কাঁচালঙ্কা বাটা, সাদা জিরের গুঁড়ো, কাজু বাটা, লেবুর রস, নুন সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণ দিয়ে চিকেন ভালো করে মাখিয়ে নিন। সারা রাত চিকেন লেগ পিসগুলো ম্যারিনেট করুন যাতে মশলা ভালোভাবে মাংসে ঢোকে। তারপর তা ফ্রিজ থেকে বের করে খানিকক্ষণ রেখে দিন। এবার তার গায়ে মাখন ব্রাশ করুন। উপরে কোরানো চিজ ছড়িয়ে দিন। তারপর তা তন্দুর আভেন বা গ্রিল আভেনে দিয়ে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে আধ ঘণ্টা রান্না করুন। চিকেনের গায়ে লালচে রং ও পোড়া দাগ ধরলে এবং তা হাড় থেকে ছেড়ে আসতে শুরু করলে বুঝবেন কাবাব তৈরি।
ইমলি মাহি টিক্কা
উপকরণ: বোনলেস মাছের ফিলে ৫০০ গ্রাম, তেঁতুলের শাঁস ২ টেবিল চামচ, জল ঝরানো টক দই ৩ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রশুন বাটা ১ টেবিল চামচ, কাসুন্দি বা মাস্টার্ড স্যস ১ টেবিল চামচ, শুকনো খোলায় ভাজা জিরের গুঁড়ো ১ চা চামচ, গরমমশলা চা চামচ, সর্ষের তেল ২ টেবিল চামচ, নুন স্বাদমতো।
প্রণালী: একটা বড় পাত্রে দই নিন। তার সঙ্গে তেঁতুলের শাঁস মেশান। সবটা একসঙ্গে ফেটিয়ে নেওয়ার পর আদা, রশুন বাটা, কাসুন্দি, জিরে গুঁড়ো, গরমমশলা, তেল তার সঙ্গে মিশিয়ে দিন। একসঙ্গে ফেটিয়ে নিয়ে নুন দিন। এবার মাছের গায়ে এই ম্যারিনেশনের মশলা মাখিয়ে রাখুন অন্তত ৪০ মিনিট। তারপর তা শিকে গেঁথে আভেনে দিয়ে গ্রিল করে নিন বা তন্দুর আভেনে ঢুকিয়ে ২২০ ডিগ্রি সেন্টিগ্রেডে তন্দুর করুন মোটামুটি ১৫ থেকে ২০ মিনিট। মাছের গায়ে পোড়া রং ধরলে বুঝবেন তা তৈরি হয়ে গিয়েছে।
রামপুরি গোস্ত শিক
উপকরণ: মাটন কিমা ৭৫০ গ্রাম, ভাজা পেঁয়াজ পেস্ট করা ৩টে, আদা বাটা ১ টেবিল চামচ, রশুন বাটা ১ টেবিল চামচ, কাঁচা পেঁপে বাটা ১ চা চামচ, কাঁচালঙ্কা বাটা ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, গরমমশলা গুঁড়ো ১ চা চামচ, দারচিনি গুঁড়ো ১ চিমটে, জায়ফল ও জয়িত্রী গুঁড়ো ১ চিমটে করে, বেসন ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, নুন স্বাদমতো, ধনেপাতা কুচি ১ মুঠো।
প্রণালী: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। তারপর শিকে একটু তেল ব্রাশ করে এই মিশ্রণ তাতে লম্বা করে গেঁথে দিন। তন্দুর আভেনে দিয়ে লালচে রং ধরা পর্যন্ত গ্রিল করুন। মাঝে উপর থেকে ঘি ছড়িয়ে দেবেন। মাংস হল কি না বোঝার জন্য চল্লিশ মিনিট বাদে তা আভেন থেকে বের করে একটা কাঠি গেঁথে দেখে নিন। তা যদি পরিষ্কার বের হয় তাহলে বুঝবেন কাবাব রেডি।