নামে পাতিলেবু হলেও, তার কাজ মোটেই কম নয়! খাবার পাতে স্বাদ বৃদ্ধি ছাড়াও নিত্যদিনের নানা কাজে এই লেবুই হয়ে উঠতে পারে অমোঘ হাতিয়ার। কোন কোন কাজে কীভাবে ব্যবহার করবেন এই ফল?
নামে পাতিলেবু হলেও, তার কাজ মোটেই কম নয়! খাবার পাতে স্বাদ বৃদ্ধি ছাড়াও নিত্যদিনের নানা কাজে এই লেবুই হয়ে উঠতে পারে অমোঘ হাতিয়ার। কোন কোন কাজে কীভাবে ব্যবহার করবেন এই ফল?
শীত হোক বা গ্রীষ্ম, পাতিলেবুর কদর আমাদের জীবনে অপরিসীম। ঘরের নানা কাজেও ব্যবহার করা যায় পাতিলেবু। প্রাকৃতিক ক্লিনার পাতিলেবুর খোসার অংশ ফেলে না দিয়ে তা ছোট টুকরো করে কেটে নিন। এই খোসা একটি স্প্রে বোতলে ভরে রাখুন, অল্প ভিনিগার, নুন, জল এবং বাসন মাজার লিকুইড সাবান সমেত। ব্যস তৈরি আপনার ঘরোয়া ক্লিনার। কোনও কিছু পরিষ্কার করতে হলে স্প্রে করুন এই ক্লিনার। তারপর শুকনো করে মুছে নিন। অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে এটি। কল, পাত্র, আসবাব, জানলার কাচ বা আয়না পরিষ্কার করতেও ব্যবহার করতে পারেন। চুলের পরিচর্যা
চুলের যত্ন নিতেও এই লেবুর ব্যবহার অপরিসীম। যেমন লেবুতে থাকা ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে এবং অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি মাইক্রোবিয়াল গুণ খুশকি দূর করে। অনেকে আবার চুলের বৃদ্ধির জন্যও লেবুর রসকে কাজে লাগান। তবে এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো, চুলের পরিচর্যায় পাতিলেবুর রস সকলের ক্ষেত্রে একইরকম কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে, প্রথমবার ব্যবহার করে কোনও সমস্যা দেখা দিলে, চুলের ডগা রুক্ষ হলে তা আর ব্যবহার করবেন না।
জামার দাগ তুলতে
নিজের পছন্দের জামায় যদি অসাবধানে একটু তেল পড়ে যায় তাহলেই মনখারাপ! তাই তো? আর চিন্তা নেই। এবার থেকে এমন সমস্যার সহজ সমাধান পাতিলেবুর রস। যেখানে তেল লেগেছে সেখানে সরাসরি ঘষে ১০ মিনিট রেখে দিন। তারপর গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। দাগ দূর হবে। এছাড়াও, কফি এবং হলুদের দাগ তুলতেও লেবুর রস ভালোই কাজ করে। কফির দাগের ক্ষেত্রে সামান্য জলের সঙ্গে লেবুর রস মিশিয়ে দাগের উপর লাগান। অথবা ডিটারজেন্ট ও লেবুর রসের মিশ্রণ দাগে লাগিয়ে হালকা হাতে ঘষে ধুয়ে ফেলুন। হলুদের দাগের উপর লেবুর রস ঘষে রোদে শুকিয়ে নিন, তারপর সাবান দিয়ে ধুয়ে ফেলুন।
প্রাকৃতিক সুগন্ধি
ঘরে পাতিলেবুর গন্ধ অনেকেই পছন্দ করেন। আপনিও যদি সেই দলে থাকেন তবে একটি পাত্রে জল ফুটিয়ে তাতে লেবুর টুকরো বা খোসা দিয়ে দিন। এই ভাপ ঘরে সুগন্ধ ছড়াবে। অথবা, লেবুর খোসাগুলো সরাসরি ঘরের বিভিন্ন কোণে রেখে দিন। ধীরে ধীরে গন্ধ ছড়াবে। এছাড়াও লেবুর রস এবং জল মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে রুম ফ্রেশনার হিসেবে ব্যবহার করতে পারেন। পাতিলেবুর সাইট্রিক অ্যাসিড এবং অন্যান্য উপাদান বাতাসে থাকা জীবাণু ধ্বংস করতে সাহায্য করে।
বাথরুমেও এই স্প্রে ব্যবহার করতে পারেন। টাইলস ও টাব পরিষ্কার করতে একটি লেবু অর্ধেক করে কেটে, তার ওপর নুন ছিটিয়ে দিন। এবার লেবুর টুকরা দিয়ে টাইলস ও টাব ঘষুন। কিছুক্ষণ পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া, লেবুর রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি বাথরুমের বিভিন্ন দাগ তুলতে খুবই কাজ করে।
কয়েকটি বিশেষ সতর্কতা
কাপড়ের ক্ষেত্রে, লেবুর রস ব্যবহারের আগে ছোট একটি অংশে পরীক্ষা করে নেওয়া ভালো।
পাতিলেবু স্বাস্থ্যের জন্য যে উপকারী তা আমাদের সকলের জানা। তবে স্বাস্থ্য ছাড়াও পাতিলেবু ঘরোয়া কাজেও যে ব্যবহার করা যায় তাও জেনে গেলেন। তাহলে, এবার থেকে নামে ‘পাতি’ বলে এই লেবুকে অবহেলা করবেন না। প্রতিদিনের জীবনে ব্যবহার করুন নানাভাবে।
কথিকা পাল