শীতের সন্ধ্যাকে মনোরম করে তুলুন বিদেশি কয়েকপদ স্টার্টার সহযোগে। আমিষ বা নিরামিষ যে কোনও স্বাদেই জমে যাবে আয়োজন।
শীতের সন্ধ্যাকে মনোরম করে তুলুন বিদেশি কয়েকপদ স্টার্টার সহযোগে। আমিষ বা নিরামিষ যে কোনও স্বাদেই জমে যাবে আয়োজন।
ক্রিসপি বেবিকর্ন
উপকরণ: বেবি কর্ন ১০টা, কর্নফ্লাওয়ার ৬ চামচ, টম্যাটো, সয়া ও চিলি স্যস ৬ চামচ, নুন স্বাদমতো, গোলমরিচ ২ চামচ, সাদা তিল ১ চামচ, ভাজার জন্য তেল পরিমাণ মতো, চিনি ও ভিনিগার ২ চামচ, আদা বাটা ১ চামচ, ক্যাপসিকাম ও পেঁয়াজ ১টা করে (বড় টুকরো করে কেটে রাখতে হবে)।
প্রণালী: বেবিকর্ন টুকরো করে কেটে জলে ভিজিয়ে রাখুন। তারপর তা জল থেকে তুলে ভিজে অবস্থায় নুন, গোলমরিচ, আদা বাটা, কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিন। কোটিংটা যেন বেবিকর্নের গায়ে লেগে থাকে সেদিকে খেয়াল রাখবেন। প্রয়োজনে কোটিংয়ে আর একটু জল দিতে হবে। এবার তেল গরম করে নিন। তারপর একটা একটা করে বেবিকর্ন তেলে দিয়ে সোনালি ও মুচমুচে করে ভেজে তুলুন। এবার কড়াই থেকে খানিকটা তেল কমিয়ে মোটামুটি এক টেবিল চামচ মতো তেল রেখে দিন। তাতে ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে ভাজতে থাকুন। লালচে হলে তাতে সাদা তিল, স্যস, ভিনিগার, চিনি ও ভাজা কর্নের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আরও একটু তিল ও গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করতে হবে।
পেরিপেরি চিকেন রোল
উপকরণ: চিকেন কিমা ১ কাপ, আদা রসুন পেস্ট ১ চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচালঙ্কা বাটা ১ চামচ, ডিম ১টা, ময়দা ১ কাপ, নুন স্বাদমতো, ভাজার জন্য তেল, পেরিপেরি মশলা ২ চামচ, মাখন ১ চামচ।
প্রণালী: ময়দা অল্প তেল ও জল দিয়ে মেখে নিন। তার থেকে ছোট লেচি করে নিয়ে তেল মাখিয়ে আধ ঘণ্টা রেখে দিন। পুরের জন্য চিকেন কিমার সঙ্গে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, নুন, লঙ্কা ও ১ চামচ পেরিপেরি পাউডার ভালো করে মেখে নিন। এইভাবে ম্যারিনেট করে দশ মিনিট রাখতে হবে। পাত্র গরম করে ১ চামচ মাখন দিয়ে ম্যারিনেট করা চিকেন দশ মিনিট রান্না করে নিন। তারপর আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করতে হবে। ময়দার লেচি খুব পাতলা করে বেলে শুকনো তাওয়াতে একটু সেঁকে নিতে হবে। জল ব্রাশ করে তার মধ্যে চিকেন পুর দিয়ে ফ্রেঞ্চ রোলের মতো গড়ে নিন। এবার ডিম ফেটিয়ে নুন ও পেরিপেরি পাউডার মিশিয়ে একটা ব্যাটার বানান। ফ্রেঞ্চ রোল এই ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ভেজে তুলে নিন। একটু ঠান্ডা হলে তা টুকরো করে কেটে পেরিপেরি মশলা ছড়িয়ে পরিবেশন করতে হবে।
চিজ চিকেন বল
উপকরণ: চিকেন কিমা ২০০ গ্রাম, ডিম ১টা, প্রসেসড চিজ ২ কিউব (ছোট চৌকো করে কাটা), কর্নফ্লাওয়ার ২ চামচ, নুন স্বাদমতো, গোলমরিচ ১ চামচ, আদা রসুন পেস্ট ২ চামচ, বিস্কুটের গুঁড়ো ২ কাপ, কাঁচালঙ্কা কুচি ও ধনেপাতা কুচি ৪ চামচ, সাদা তেল ভাজার জন্য।
প্রণালী: চিকেন কিমা নুন, গোলমরিচ, আদা রসুন বাটা, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে নিন। এবার তা থেকে অল্প করে নিয়ে হাতের সাহায্যে বাটির মতো বানিয়ে নিন। তার ভিতরে চিজের টুকরো দিয়ে গোল বল রেডি করে নিন। ডিম ফেটিয়ে নিন। তাতে নুন ও কর্নফ্লাওয়ার দিয়ে একসঙ্গে মিশিয়ে একটা ঘন ব্যাটার বানান। এবার চিকেন বলগুলো ওই ব্যাটারে ডুবিয়ে বিস্কুট গুঁড়ো মাখিয়ে ডুবো তেলে সোনালি করে ভেজে পরিবেশন করুন।
ঝুম্পা কর্মকার