লোটাস বিসকফ চিজ কেক
লোটাস বিসকফ চিজ কেক
উপকরণ: লোটাস বিস্কুট ১৫-২০টা, ক্রিম চিজ ২৫০ গ্রাম, বিসকফ স্প্রেড ১৫০ গ্রাম + ২০০ গ্রাম টপিং এর জন্য, গুঁড়ো চিনি ৪ চা চামচ, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, হুইপড ক্রিম ২০০ মিলি, মাখন ১০০ গ্রাম।
প্রণালী: লোটাস বিস্কুট গুঁড়ো করে নিন। এরপর মাখন গলিয়ে নিন। গলানো মাখন আর বিস্কুটের গুঁড়ো একসঙ্গে নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার চিজ কেকের মোল্ডে ঢেলে চেপে চেপে সেট করে নিন। আধ ঘণ্টা ফ্রিজে রেখে বেসটা তৈরি করে নিন। এবার হুইপড ক্রিম আর গুঁড়ো চিনি একসঙ্গে নিয়ে ভালো করে ফেটিয়ে নিন হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। একটা বোলে ক্রিম চিজ, ১৫০ গ্রাম বিসকফ স্প্রেড ও ভ্যানিলা এসেন্স নিয়ে ভালো করে ফেটান। তার সঙ্গে হুইপড ক্রিমের মিশ্রণ যোগ করে আরও একটু ফেটিয়ে নিন। ফ্রিজ থেকে লোটাস বিস্কুটের মোল্ড বের করে এই ক্রিম চিজের মিশ্রণটা ঢেলে দিন। আবার ফ্রিজে রেখে সেট হতে দিন ৬ থেকে ৮ ঘণ্টা। ২০০ গ্রাম বিসকফ স্প্রেড হালকা গরম করে গলিয়ে নিন। তারপর তা ঘরের তাপমাত্রায় রেখে ঠান্ডা করে নিন। এবার ফ্রিজ থেকে বের করা চিজ কেকের উপর দিয়ে এই স্প্রেড ঢেলে আবার ফ্রিজে রেখে দিন এক ঘণ্টা। সবটা একসঙ্গে সেট হলে ফ্রিজ থেকে বের করে উপর দিয়ে লোটাস বিস্কুট সাজিয়ে পরিবেশন করুন।
ব্লুবেরি চিজ কেক
উপকরণ: ক্রিম চিজ ২২০ গ্রাম, হুইপড ক্রিম ২০০ মিলি, গুঁড়ো চিনি কাপ, পাতিলেবুর রস ১ চা চামচ, পাতিলেবুর জেস্ট চা চামচ, ডাইজেসটিভ বিস্কুট ১৫ টা, গলানো মাখন ৫০ গ্রাম।
ব্লুবেরি স্যসের জন্য: ব্লবেরি ২০০ গ্রাম, চিনি ২০০ গ্রাম, পাতিলেবুর রস ১ চা চামচ।
প্রণালী: বিস্কুট গুঁড়ো করে নিন। মাখন গলিয়ে নিন। এবার বিস্কুটের গুঁড়ো আর গলানো মাখন একসঙ্গে নিয়ে মিশিয়ে নিন। এবার তা চিজ কেকের মোল্ডে ঢেলে ফ্রিজে রেখে দিন এক ঘণ্টা। এরপর একটা পাত্রে হুইপড ক্রিম হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ফেটিয়ে নিন। ক্রিম চিজ ও গুঁড়ো চিনি একসঙ্গে মিশিয়ে নিন। এরপর এই ক্রিম চিজের মিশ্রণটি হুইপড ক্রিম, লেবুর রস ও জেস্টের সঙ্গে মেশান। চিজ কেক বেস বের করে এই ক্রিম চিজের মিশ্রণটা ঢেলে ফ্রিজে রেখে সেট হতে দিন ৭ ঘণ্টা। ইতিমধ্যে একটা প্যানে চিনি ও ব্লুবেরি একসঙ্গে নিয়ে ফোটাতে থাকুন। বেরিগুলো নরম হয়ে গেলে লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ঘন হলে নামিয়ে নিন। এরপর তা রুম টেম্পারেচারে নিয়ে আসুন। তারপর ফ্রিজ থেকে চিজ কেক বের করে ব্লুবেরি স্যস ঢেলে দিন উপর থেকে। আবারও চিজ কেক ঠান্ডা হতে দিন ফ্রিজে রেখে। বের করে স্লাইস করে কেটে নিন ও পরিবেশন করন।
মণিকাঞ্চন দে