নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অগ্নিবীরদের চার বছরের চাকরির শেষে অবসর। তারপর তাদের ভবিষ্যৎ কী? ২৫ শতাংশ অগ্নিবীর আবার পরীক্ষা দিয়ে সেনায় প্রবেশ করতে পারে। কিন্তু বাকিরা? এই নিয়ে বিরোধীরা বারংবার চেপে ধরেছে মোদি সরকারকে। সাত রাজ্যের ভোটের আগে সম্প্রতি সরকার ঘোষণা করেছে অগ্নিবীরদের ৪ বছরের পরিবর্তে ৬ বছরের সময়সীমা পর্যন্ত রাখা হবে সেনায়। কিন্তু এই ঘোষণার পর জানা যায় এই সিদ্ধান্ত যারা এখন অগ্নিবীর প্রশিক্ষণ নিচ্ছে তাদের জন্য প্রযোজ্য। নতুন নিয়োগ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সুতরাং আবার বিরোধীদের আক্রমণের শিকার মোদি সরকার। এমতাবস্থায় শনিবার মিরাটে একটি অনুষ্ঠান থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যেন কেন্দ্রকেই দিলেন বিকল্পের বার্তা। তিনি জানান, আমরা কয়েকটি সরকারি দপ্তরে ২০ শতাংশ চাকরি সংরক্ষণ রাখব অগ্নিবীরদের জন্য। বনদপ্তর, পুলিশ, নিরাপত্তা বাহিনী, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে রক্ষীর চাকরি হবে অগ্নিবীরদের। সেনা প্রশিক্ষণ নিয়ে আসার পর তারা হঠাৎ করে কর্মহীন হয়ে থাকবে, এটা হতে দেওয়া যাবে না। প্রশ্ন উঠছে যোগীর এই ঘোষণার আড়ালে আদতে কি কেন্দ্রকেই বার্তা দেওয়া হল। কেন্দ্রকে বুঝিয়ে দেওয়া হল, তারাও অগ্নিবীরদের চার বছর বাড়ি ফেরত না পাঠিয়ে কেন্দ্রীয় সরকার ও রাষ্ট্রায়ত্ত সংস্থায় নিয়োগ দিতেই পারে। অর্থাৎ সমান্তরাল সুশাসনের একটি প্রচ্ছন্ন বার্তাই যোগী দিতে চাইলেন বলে জল্পনা চলছে বিজেপির অন্দরেই।



