১৫ দিনে বিভিন্ন মেডিকেল কলেজে ১৫টি র‌্যাগিংয়ের ঘটনা, ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, তোলপাড় বিজেপি শাসিত রাজস্থান
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিভিন্ন মেডিকেল কলেজে ১৫ দিনে ১৫টি র‌্যাগিংয়ের অভিযোগ! বিজেপি শাসিত রাজস্থানের এই অবস্থা নিয়ে তোলপাড় চলছে দেশের মেডিকেল শিক্ষাক্ষেত্রে। এর মধ্যে যোধপুরের উমেইড হাসপাতালে প্রথম বর্ষের এক পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়েছে। ১২ নভেম্বর হস্টেলে নিজের ঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় ওই ছাত্রীর দেহ। অভিযোগের প্রেক্ষিতে দেশের মেডিকেল শিক্ষার শীর্ষ সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি) সংশ্লিষ্ট কলেজের কাছে জবাবদিহি তলব করেছে। ওই ছাত্রীর কাজের সময়, কতটা চাপ ছিল, কটি নাইট ডিউটি করতে হত, এসব তথ্য জানতে চাওয়ার পাশাপাশি তাঁর উপর হেনস্তা, র‌্যাগিং বা নিপীড়নের কোনো ঘটনা ঘটেছিল কি না—এমন সব প্রশ্নের উত্তর চেয়ে পাঠিয়েছে এনএমসির অ্যান্টি র‌্যাগিং সেল। ঘটনাগুলির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন অন্যতম সর্বভারতীয় চিকিৎসক সংগঠন ইউনাইটেড ডক্টর্স ফ্রন্ট (ইউডিএফ)-এর চেয়ারপার্সন ডাঃ লক্ষ মিত্তল। তিনি বলেন, ‘১৫ দিনে ১৫টি র‌্যাগিং! ভাবা যায়! এনএমসি  এবং রাজস্থানের মেডিকেল শিক্ষা দপ্তরের কাছে আমাদের দাবি, অবিলম্বে তদন্ত হোক।’ 

Advertisement

এদিকে লাগাতার র‌্যাগিংয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে এবিভিপির সর্বভারতীয় সম্পাদক হরষিত নামোনা বলেন, ‘উদ্বেগজনক ঘটনা। পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজে আমরা যেমন সচেতনতা প্রসার অনুষ্ঠান করেছিলাম, তেমনই রাজস্থানের জয়পুর, উদয়পুরে শীঘ্রই ওই ধরনের অনুষ্ঠান করব। আমাদের মেডিভিশন শাখা ওই কর্মসূচি পালন করবে।’ 
১৫ দিনে ১৫টি র‌্যা঩গিংয়ের অভিযোগ হয়েছে রাজস্থানের যেসব মেডিকেল কলেজে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল কোটার সরকারি মেডিকেল কলেজ, যোধপুরের ডাঃ এস এন মেডিকেল কলেজ, ভিলওয়ারা মেডিকেল কলেজ, চিত্তোরগড় মেডিকেল কলেজ, বিকানিরের সর্দার প্যাটেল মেডিকেল কলেজ, জয়পুরের ইএসআইসি মেডিকেল কলেজ, ডাওসার পণ্ডিত নওয়াল কিশোর শর্মা মেডিকেল কলেজ,  জয়পুরের মহাত্মা গান্ধী মেডিকেল কলেজ, সওয়াই মাধোপুরের সরকারি মেডিকেল কলেজ, পালি ও বারমেরের সরকারি মেডিকেল কলেজ প্রভৃতি। 
এখানেই শেষ নয়। রাজস্থানের বাঁশওয়ারার সরকারি মেডিকেল কলেজের এমবিবিএসের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা র‌্যাগিংয়ের বিস্ফোরক অভিযোগ এনেছেন সিনিয়রদের বিরুদ্ধে। সেখানে তাঁরা জানিয়েছেন, এক সিনিয়র দাদার ঘরে নিয়ে গিয়ে তাঁদের দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি ও যৌন অভিসন্ধিমূলক কাজকর্ম করানো হয়েছে। সঙ্গে চলেছে লাগাতার হুমকি এবং তাদের নির্দেশ না মানলে একঘরে করে দেওয়ার অভিযোগ। তাই এনএমসির অ্যান্টি র‌্যা঩গিং সেল জবাবদিহি চেয়ে কড়া চিঠি ধরিয়েছে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে।