মুম্বই: মুম্বইয়ের স্পর্শকাতর জায়গায় নজরদারি চালানোর অভিযোগ। এই ঘটনায় নভি মুম্বই থেকে গ্রেপ্তার ২০ বছরের যশ সিং। অভিযোগ, বিদেশি হ্যান্ডলারদের নির্দেশে কোলাবার চাবাদ হাউস বা নরিম্যান হাউস সহ একাধিক জায়গার ছবি, গাড়ির বিবরণ এবং ভৌগোলিক অবস্থান সংক্রান্ত তথ্য সংগ্রহ করে পাঠাত সে। আইরোলির বাসিন্দা যশের সঙ্গে আন্তর্জাতিক অপরাধচক্রের যোগ রয়েছে বলে খবর পায় পুলিশ। সেই সূত্র ধরেই শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের ২৬/১১ জঙ্গি হামলায় অন্যতম নিশানা ছিল এই নরিম্যান হাউস। নতুন করে এই জায়গার ছবি তোলার নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কেরলের ত্রিশূরে ইউএপিএ আইনে দায়ের হওয়া একটি মামলার সঙ্গেও ধৃতের যোগ মিলেছে বলে পুলিশ জানিয়েছে।



