মুম্বই: ২০২৪ সালের অক্টোবর। মহারাষ্ট্রে দফায় দফায় অসংখ্য ভোটারের ঠিকানা পরিবর্তনের আবেদনপত্র জমা পড়ছিল। পরের দিকে ভোটার তালিকা থেকেও তাঁদের নাম বাদ পড়ে। সবচেয়ে উল্লেখযোগ্য, এই সম্পর্কে কিছুই টের পাননি আসল ভোটাররা। হঠাৎ কেন নাম উধাও হয়ে গেল, তা জানতে দপ্তরে-দপ্তরে ছুটতে থাকে আম জনতা। অনিয়মের আঁচ পেয়ে মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনি আধিকারিকের দ্বারস্থ হন পুনের জেলা নির্বাচনি আধিকারিক। ২০২৫ সালের ১৯ নভেম্বর এনসিপি নেতা অজিত গাভানেও ৫৮ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগপত্র জমা দেন। তিনি জানান, প্রতারণা করে ভোটারদের নাম মুছে ফেলা হয়েছে। এমন ঘটনার সংখ্যা ১৫ হাজারেরও বেশি। চাপে পড়ে তদন্তের নির্দেশ দেয় মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনি আধিকারিকের অফিস। এসআইআর ও নাম বাদের আবহে সম্প্রতি ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে’র এমনই এক প্রতিবেদনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এরইমাঝে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। চব্বিশের নভেম্বরে ওই ভোটার তালিকাতেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। সরকার গঠন করেছে বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি সরকার। এনিয়েই সরব বিরোধীদের একাংশ। তারা ভোটার তালিকার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে। বিরোধীদের দাবি, বিজেপিকে সুবিধা করে দিতে এভাবেই ভোটার তালিকায় বেনিয়ম করা হচ্ছে। এজন্য তারা কমিশনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছে।
গাভানের তালিকায় থাকা এক ভোটার ফতিমা মেহবুব সৈয়দের অভিযোগ, অজান্তেই থানের ওভালা মাজিওয়াড়ায় তাঁর ঠিকানা স্থানান্তরিত করা হয়েছে। একইভাবে বাকি ভোটাররা সকলে ভোসারি বিধানসভার স্থায়ী বাসিন্দা। তাঁরা কখনও নিজেদের নাম স্থানান্তর বা তালিকা থেকে বাদ দেওয়ার জন্য কোনো আবেদন করেননি। হেনস্তার শিকার চলতি বছরের পিম্পরি- চিঞ্চওয়াড় পুরভোটে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার প্রার্থী সালার শেখ। তাঁর দাবি, প্রথমে তাঁর নাম পার্শ্ববর্তী পিম্পরি এলাকায় স্থানান্তর করা হয়। পরে পিম্পরির বুথ লেভেল অফিসার তাঁর এনুমারেশন ফর্ম পূরণ করতে অস্বীকার করেন। এর জেরে খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে।
থানে, খেদ আলান্দি, পূর্ব নাসিক, ভোসারি সহ একাধিক এলাকা থেকে এই সংক্রান্ত রিপোর্ট পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন পুনের ডিইও। পিম্পরির ইআরও-কে শোকজ নোটিসও পাঠিয়েছেন তিনি। তা নিয়েই সরগরম মারাঠা রাজনীতি।



