মুম্বই: দলের সংযুক্তির জল্পনায় আপাতত স্পষ্ট ভাষায় জল ঢালল এনসিপির দুই গোষ্ঠীই। অজিত পাওয়ারের মৃত্যুর পর এনসিপির দায়িত্ব হাতে নিয়েছিলেন তাঁর স্ত্রী সুনেত্রা। এনডিএ নেতৃত্বকে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, শারদ পাওয়ারের এনসিপি (এসপি)-র সঙ্গে সংযুক্তিতে তাঁর বিন্দুমাত্র সায় নেই। তবে শারদ পাওয়ারের শিবির পৃথকভাবে এনডিএ-তে যোগ দিতে চাইলে তা স্বাগত। সুনেত্রার আশঙ্কা, সংযুক্তির পথে হাঁটলে দলের রাশ গ্রাস করে ফেলবে শারদ পাওয়ার গোষ্ঠী। অন্যদিকে, দুই শিবিরের পুনর্মিলনের চর্চায় পূর্ণচ্ছেদ টেনেছেন শারদ-কন্যা সুপ্রিয়া সুলেও। তবে তারই মধ্যে নয়া সমীকরণের আভাস উঠে এসেছে তাঁর মন্তব্যে। শনিবার তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, সব রাজ্যের জন্য ৫০ শতাংশ করে আসন বৃদ্ধি করলে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিলে তাঁরা ‘নৈতিকভাবে’ সমর্থনে রাজি। শারদ পাওয়ারের দলের এই অবস্থান আসন পুনর্বিন্যাস বিল নিয়ে বিরোধী ‘ইন্ডিয়া’ শিবিরের জন্য নিশ্চিতভাবেই বড়ো ধাক্কা হতে চলেছে। তবে সুপ্রিয়া সুলে একথাও জানিয়েছেন, বিলের সরকারি প্রতিলিপি হাতে না আসায় এবিষয়ে দল এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
সংবিধান সংশোধন করে সীমানা পুনর্বিন্যাস বিল পাশ করানোর মতো সংখ্যা সংসদে নেই ক্ষমতাসীন এনডিএ শিবিরের। যদিও সরকারের তরফে সম্প্রতি দাবি করা হচ্ছে, পূর্বের ব্যর্থতা পেরিয়ে প্রয়োজনীয় সংখ্যা হাতে চলে এসেছে। এক্ষেত্রে বিরোধী শিবিরে ফাটল ধরানো ছাড়া আর অন্য কোনো রাস্তা সরকারের কাছে খোলা নেই। সেই সূত্রেই বিরোধী শিবিরের অন্যতম মুখ তথা এনসিপি (এসপি) সাংসদ সুপ্রিয়া সুলের এদিনের মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। শারদ-কন্যা বলেছেন, প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বিল নিয়ে বিরোধী নেতানেত্রীদের আলোচনায় ডেকেছিল শাসকদল বিজেপি। বৈঠকে বিজেপি প্রস্তাব দিয়েছে, জনসংখ্যা যাই হোক না কেন, সব রাজ্যে লোকসভার আসন সংখ্যা ৫০ শতাংশ করে বাড়ানো হবে। শাসকদলের এই প্রস্তাব ‘নৈতিকভাবে’ আমাদের কাছে গ্রহণযোগ্য। কারণ, এর ফলে কোনো রাজ্যের প্রতিই অবিচার হবে না। একইসঙ্গে শারদ-কন্যার বক্তব্য, ইন্ডিয়া জোটের সবাই রাজি হলে আমরা সমর্থনে তৈরি।



