ভোগের খিচুড়ি
ভোগের খিচুড়ি
উপকরণ: গোবিন্দভোগ চাল ১ কাপ, মুগের ডাল ১ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রাঁধুনি বাটা চা চামচ, কাঁচালঙ্কা বাটা স্বাদ মতো, জিরে গুঁড়ো ২ চা চামচ, ধনেগুঁড়ো ১ চা চামচ, ফোড়নের জন্য: গোটা গরমমশলা, গরমমশলা গুঁড়ো ১ চা চামচ, গোটা জিরে ফোড়নের মতো, তেজপাতা ২টো, শুকনো লঙ্কা ২টো, ঘি প্রয়োজন মতো, নুন-মিষ্টি স্বাদ মতো, হলুদ গুঁড়ো ১ চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চা চামচ।
প্রণালী: শুকনো কড়াইতে মুগের ডাল মৃদু আঁচে নাড়াচাড়া করে হালকা সোনালি রং ধরিয়ে ভেজে নিন। একটি বড় পাত্রে পরিমাণ মতো জলে ডাল ফুটতে দিন। ডাল ফুটে উঠলে ডালের ফেনা ফেলে দিন। ডালে আবার পরিমাণ মতো জল দিয়ে আঁচে বসান। নুন আর অর্ধেক পরিমাণ হলুদ যোগ করুন। ডাল আধ সেদ্ধ হলে চাল ধুয়ে নিয়ে ডালে দিয়ে দিন। ফুটতে শুরু করলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদমতো চিনি যোগ করুন। কড়াইতে ঘি গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ও গোটা গরমমশলা ফোড়ন দিন। সুগন্ধ উঠলে আদা বাটা, রাঁধুনি বাটা, কাঁচালঙ্কা বাটা, বাকি হলুদ গুঁড়ো দিয়ে মৃদু আঁচে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিন। এই মশলা খিচুড়িতে যোগ করুন। খিচুড়ির চাল ও ডাল সেদ্ধ হলে গুঁড়ো গরমমশলা চেড়া কাঁচা লঙ্কা ও ঘি ছড়িয়ে নামিয়ে নিন।
চিকেন খিচুড়ি
উপকরণ: চিকেন ৫০০ গ্রাম, মুগের ডাল ১ কাপ, গোবিন্দভোগ চাল ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা রসুন কাঁচালঙ্কা বাটা ২ টেবিল চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, ধনেগুঁড়ো ২ চা চামচ, চিকেন কারি পাউডার ১ চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চা চামচ, হলুদ গুঁড়ো ২ চা চামচ, টক দই কাপ, নুন ও চিনি স্বাদ মতো, ঘি, সর্ষের তেল প্রয়োজন মতো, গোটা গরমমশলা ফোড়নের জন্য, কাঁচালঙ্কা, তেজপাতা ২টি, টম্যাটো বাটা কাপ।
প্রণালী: শুকনো কড়াইতে ডাল ভেজে তা ধুয়ে নিন। চাল ধুয়ে শুকিয়ে নিন। চিকেনে স্বাদ মতো নুন ও অর্ধেক পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এক চামচ সর্ষের তেল ও টক দই মাখিয়ে আধ ঘণ্টা ম্যারিনেট করুন। কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা গরমমশলা তেজপাতা ফোড়ন দিন। এর ওপর পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে ভাজুন। পেঁয়াজে রং ধরতে শুরু করলে বাকি সমস্ত মশলা ও টম্যাটো বাটা যোগ করে কষিয়ে নিন। তেল ছাড়লে চিকেন যোগ করুন। মিনিট দশেক নাড়াচাড়া করে চিকেন কষিয়ে নিন। এবার শুকনো কড়ায় ভেজে ধুয়ে রাখা মুগের ডাল ও গোবিন্দভোগ চাল চিকেনে যোগ করুন পরিমাণ মতো জল দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিন। চাল ডাল ও চিকেন সেদ্ধ হলে চেরা কাঁচালঙ্কা যোগ করে ঘি ছড়িয়ে নামিয়ে নিন।
ডিমের খিচুড়ি
উপকরণ: বাসমতী চাল ১ কাপ, মসুর ডাল ১ কাপ, ডিম ৪টে, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, টম্যাটো বাটা কাপ, জিরে গুঁড়ো ২ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চা চামচ, কাঁচালঙ্কা বাটা স্বাদ মতো, গোটা জিরে ফোড়নের জন্য, গোটা গরমমশলা ফোড়নের জন্য, তেজপাতা ২টি, শুকনো লঙ্কা ২টো, গরমমশলা গুঁড়ো ১ চা চামচ, সর্ষের তেল প্রয়োজন মতো, ঘি ১ টেবিল চামচ, নুন ও মিষ্টি স্বাদ মতো, কাঁচালঙ্কা ২টি।
প্রণালী: একটি পাত্রে পরিমাণ মতো জলে ডাল দিয়ে ফুটতে দিন। ফুটে উঠলে ডালের ফেনা ও জল ফেলে দিন। ডালে আবারও জল দিয়ে তাতে নুন ও অর্ধেক পরিমাণ হলুদ দিয়ে সেদ্ধ করুন। আধসেদ্ধ হলে তাতে ধুয়ে নেওয়া চাল ছেড়ে দিন। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদমতো নুন ও চিনি যোগ করুন। ঢাকা দিয়ে ডাল ও চাল মৃদু আঁচে সেদ্ধ হতে দিন। মাঝে ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে দেবেন। কড়াইতে তেল গরম করে তেজপাতা, গোটা গরমমশলা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে মাঝারি আঁচে তা ভেজে নিন। এবার এতে টম্যাটো বাটা, বাকি হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা যোগ করে মাঝারি আঁচে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিন। এই মশলা খিচুড়িতে যোগ করুন। চারটে ডিম ভেঙে তাতে পরিমাণ মতো নুন যোগ করে ফেটিয়ে নিন। কড়াইয়ে তেল দিয়ে ফেটানো ডিম ভেজে নিয়ে ছোট টুকরোয় কেটে নিন। খিচুড়ির চাল ও ডাল সেদ্ধ হলে ভাজা ডিম মিশিয়ে দিন। চেরা কাঁচালঙ্কা, গরমমশলা গুঁড়ো ও ঘি দিয়ে নামিয়ে নিন।
চিংড়ির খিচুড়ি
উপকরণ: মুগের ডাল কাপ, গোবিন্দভোগ চাল কাপ, চিংড়ি ৩০০ গ্রাম, আদা বাটা ২ চা চামচ, জিরে গুঁড়ো ২ চা চামচ, ধনেগুঁড়ো ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, গোটা গরমমশলা ফোড়নে, কাঁচালঙ্কা স্বাদ মতো, নুন মিষ্টি স্বাদ মতো, সর্ষের তেল প্রয়োজন মতো, ঘি ১ টেবিল চামচ।
প্রণালী: মুগের ডাল মৃদু আঁচে শুকনো কড়ায় নাড়াচাড়া করে ভেজে নিন। চাল ডাল ধুয়ে নিন। চিংড়ি পরিষ্কার করে নিয়ে নুন-হলুদ মাখিয়ে নিন। কড়ায় দু’টেবিল চামচ তেল গরম করে চিংড়ি মাছ হালকা করে ভেজে তুলে নিন। এই তেলের সঙ্গে আরও একটু তেল যোগ করে গোটা গরমমশলা ফোড়ন দিন। ফোড়নের উপর সব মশলা দিয়ে সামান্য একটু জল ও স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে কষিয়ে নিন। মশলায় চাল ও ডাল যোগ করুন। পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিন। মাঝে ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে দেবেন। চাল ডাল প্রায় সেদ্ধ হয়ে এলে ভেজে নেওয়া চিংড়ি যোগ করুন ও আবার ঢাকা দিয়ে দিন। মিনিট পাঁচেক পরে কাঁচালঙ্কা ও ঘি দিয়ে নামিয়ে নিন।
শ্রাবণী রায়