কোজাগরী আয়োজন
  • ২৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গৃহস্থবাড়িতে লক্ষ্মীপুজোর প্রসাদে খিচুড়ি, পোলাও বা লুচি সবসময়ই পছন্দের তালিকায় থাকে। দেবীর ভোগ হিসেবে নিবেদন করতে পারেন এমন কিছু রেসিপি রইল আজ।

Advertisement

নারকেল বাদামের খিচুড়ি 

অন্নভোগে সকলের আগে মনে পড়ে খিচুড়ির কথা। ভোগের খিচুড়ির স্বাদ এমনিই দুর্দান্ত হয়। আর তাতে যদি পড়ে নারকেল, তাহলে তো কথাই নেই!

উপকরণ: সোনা মুগ ডাল ১ কাপ, গোবিন্দভোগ চাল ১ কাপ, হলুদ  চামচ, ভাজা নারকেল কুচি ২টেবিল চামচ, ভাজা বাদাম ২ টেবিল চামচ, কাঁচালংকা ২-৩টি, আদা বাটা ১ টেবিল চামচ, তেজপাতা ২টি, শুকনো লংকা ২টি, অল্প দারচিনি, প্রয়োজন মতো চেরা কাঁচালংকা, নুন স্বাদ মতো, চিনি প্রয়োজন মতো। ভাজা মশলার জন্য: জিরে, ধনে, মৌরি, দারচিনি সব ১ চামচ করে।

প্রণালী: প্রথমে মুগ ডাল ভেজে কাঁচালংকা, হলুদ, নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। চাল এক ঘণ্টা ভিজিয়ে জল ঝরিয়ে নিতে হবে। এরপর ভাজা মশলার উপকরণগুলো শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে নিন। হাঁড়িতে তেল দিয়ে তেজপাতা, দারচিনি, শুকনো লংকা ফোড়ন এবং চাল দিয়ে নেড়ে জল দিয়ে ফুটতে দিতে হবে। ফুটতে শুরু করলে ও চাল হালকা সেদ্ধ হলে ডাল দিয়ে দিতে হবে। তারপর তাতে হলুদ, বাদাম, নারকেল ভাজা দিয়ে ভালো করে নাড়তে হবে। ডাল-চাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তাতে ভাজা মশলা ও আদা বাটা দিয়ে ভালো করে মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নারকেল বাদামের খিচুড়ি।

বাসন্তী পোলাও

অন্নভোগের আর এক উপাদেয় মেনু পোলাও। গোবিন্দভোগ চালের এই পদ অতিথি আপ্যায়নকেও সমৃদ্ধ করে।

উপকরণ: গোবিন্দভোগ চাল ১ কাপ, জাফরানি রং সামান্য, গরমমশলা গুঁড়ো  চামচ, কাজু-কিশমিশ প্রয়োজন মতো, স্টার অ্যানিস ১টি, দারচিনি ১ ইঞ্চি, ছোটো এলাচ ২-৪টি, নুন স্বাদ মতো, চিনি  চামচ, ঘি ২ টেবিল চামচ।
প্রণালী: গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিন। এবার ওই চালে জাফরানি রং, সামান্য ঘি ও গরমমশলা গুঁড়ো দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রাখুন। কড়াইতে ঘি দিয়ে তাতে কাজু এবং কিশমিশ হালকা ভেজে তুলে নিন। এবার ওই তেলে স্টার অ্যনিস দারচিনি ও এলাচ ফোড়ন দিতে হবে। একটু গন্ধ বেরলে চাল দিয়ে হালকা নেড়ে নুন দিন। এবার জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিন। চাল নরম ও ঝুরঝুরে হয়ে গেলে চিনি দিয়ে নেড়ে, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই তৈরি বাসন্তী পোলাও।