Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

ভালো ঘুমের চাবিকাঠি

রাতে ঘুমনোর সময়, দুপুরে অল্প সময়ের জন্য বিশ্রাম নিতে হলে, ঘুরতে বেরলে, আলো জ্বলছে এমন ঘরে ঘুমাতে হলে স্লিপ মাস্ক ব্যবহার করুন। এছাড়াও মাথা ভার লাগলে, চোখ ফুলে থাকলে স্লিপ মাস্কে উপকার পাবেন।

ভালো ঘুমের চাবিকাঠি
  • ২৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

স্লিপিং মাস্ক ব্যবহার করলে ঘুমের ব্যাঘাত কমে। এছাড়া আর কী কী উপকার রয়েছে? কারা এটি ব্যবহার করবেন? রইল নানা টিপস।

Advertisement

রাক্ষসী শিকারে বেরলে রাজকন্যাকে ঘুম পাড়িয়ে যেত। মাথার কাছে সোনার কাঠি আর পায়ের দিকে  রুপোর কাঠি। সারাদিন রাজকন্যা ঘুমাত একভাবে। সন্ধ্যায় কাঠি অদল বদল করলেই ঘুম ভাঙত রাজকুমারীর। এ তো রূপকথার গল্প। যাঁদের ঘুমের সমস্যা তাঁরা নিশ্চয়ই ভাবেন, বাস্তবেও যদি এমন জাদুকাঠি থাকত! তা হয়তো নেই। কিন্তু ভালো ঘুমের জন্য নানা উপায় অবলম্বন করতে পারেন আপনি। যার অন্যতম হল লাইফস্টাইল পরিবর্তন। যা ধীরে ধীরে অভ্যাসে পরিণত করতে হবে। কিন্তু চটজলদি সমাধান চাইলে স্লিপিং মাস্ক রয়েছে আপনার হাতের নাগালে। ব্যাঘাতহীন ঘুমের জন্য এই মাস্ক ব্যবহার করতেই পারেন। মনে পড়ে ‘পিকু’ ছবিতে দীপিকা পাড়ুকোন আর ‘ডিয়ার জিন্দেগি’তে আলিয়া ভাটের কথা? তাঁরাও কিন্তু এই ধরনের মাস্ক ব্যবহার করে ঘুমকে আপন করেছিলেন। সেই উদাহরণ অনুসরণ করতে চাইলে আপনিও ট্রাই করে দেখতে পারেন।

স্লিপিং মাস্ক কী?

আধুনিক জীবনে আলো-শব্দের ভিড়ে অনেকের ভালো ঘুম হয় না। সমস্যা বাড়ায় মোবাইলের অতিরিক্ত নেশা। ব্যস্ত জীবনে ভালো ঘুমের জন্য স্লিপিং মাস্ক অব্যর্থ। সোজা কথায় বললে, স্লিপিং মাস্ক হল চোখ ঢাকার জন্য ব্যবহৃত এক বিশেষ ধরনের কাপড়। যার প্রধান কাজ, চোখে আলো ঢোকা বন্ধ করা। যাতে মস্তিষ্ক স্বাভাবিক ভাবে মেলাটোনিন (ঘুমের জন্য প্রয়োজনীয় হরমোন) তৈরি করতে পারে। সাধারণত কটন বা সিল্ক দিয়ে এই মাস্ক তৈরি হয়। সঙ্গে থাকে নরম প্যাড। চোখের যাতে কোনওরকম ক্ষতি না হয় সেজন্য দেওয়া থাকে প্যাড। আর সুতির কাপড়ে ঢাকা মাস্ক ত্বকের জন্যও ভালো।

কেন ব্যবহার?

আধুনিক ফ্ল্যাটে জায়গা বড়ই কম। হয়তো বেডরুমে বসেই আপনার পার্টনার ল্যাপটপে কাজ করছেন। পাশে আপনাকে ঘুমতে হবে। ঘরের অতিরিক্ত আলো তাতে ব্যাঘাত ঘটাচ্ছে। অথবা আপনার সঙ্গী হয়তো শুয়ে কোনও বই পড়ছেন। সেই আলোও আপনার ঘুমে বাধা সৃষ্টি করতে পারে। স্লিপ মাস্ক ব্যবহার করলে আলো ঢুকতে পারে না। মেলাটোনিনের নিঃসরণ বাড়ে, ফলে দ্রুত ঘুম আসে। এর প্রচুর উপকারিতাও রয়েছে।

• স্লিপ মাস্ক পরলে দ্রুত ঘুম যেমন আসবে, পাশাপাশি তা হবে দীর্ঘস্থায়ী। ব্যাঘাতহীন।

• ঘুম আরামদায়ক হয়। অনেক সময় হালকা আলোও ঘুমের গভীরতা কমিয়ে দেয়। মাস্ক তা পুরোপুরি বন্ধ করে দেয়।

• মাথা ব্যথা কমাতে সাহায্য করে। বর্তমানে বেশ কিছু কুলিং জেল মাস্ক পাওয়া যায়। এগুলি মাইগ্রেন বা সাইনাসজনিত মাথাব্যথা কমাতে উপকারী।

• ভ্রমণের সময় স্লিপিং মাস্ক অত্যন্ত জরুরি। কারণ ট্রেন, বাস বা বিমানে চেপে ঘুরতে বেরলে আলো কমানো সবসময় সম্ভব হয় না। সেক্ষেত্রে স্লিপ মাস্ক ব্যবহার করলে অন্যকে ডিস্টার্ব না করেই আপনি ঘুমের দেশে যেতে পারবেন।

• অফিসের বিরতি, পড়াশোনার মাঝে অল্প সময়ের জন্য ঘুমিয়ে নিলে এনার্জি পাওয়া যায়। এ কথা গবেষণায় প্রমাণিত। তবে অনেকেরই কম সময়ের মধ্যে ঘুমাতে অসুবিধা হয়। তাঁরা স্লিপিং মাস্ক ব্যবহার করতে পারেন।

• এসি ঘরে ঘুমালে লক্ষ্য করে দেখবেন, সকালে চোখ খুলতে ভীষণ সমস্যা হয়। চোখ ফুলে থাকে। এতে কিন্তু ড্রাই আইজ-এর সমস্যা হয়। এর থেকে বাঁচতেও ব্যবহার করা যায় স্লিপিং মাস্ক।

কখন ব্যবহার

রাতে ঘুমনোর সময়, দুপুরে অল্প সময়ের জন্য বিশ্রাম নিতে হলে, আলো জ্বলছে এমন ঘরে ঘুমাতে হলে স্লিপ মাস্ক ব্যবহার করুন। এছাড়াও মাথা ভার লাগলে, চোখ ফুলে থাকলে স্লিপ মাস্কে উপকার পাবেন। মেডিটেশন করার সময়ও পরতে পারেন এটি।

কারা ব্যবহার করবেন

১. যাঁদের ঘুম আসতে সময় লাগে। সমস্যা হয়।

২. যাঁদের ঘুম ভীষণ পাতলা।

৩. রাতের শিফটে কাজ করলে বডি ক্লক বদলে যায়। তখন প্রয়োজন হতে পারে।

৪. মাইগ্রেনের সমস্যা থাকলে।

সতর্কতা

১. সাধারণত স্লিপ মাস্ক পরলে চোখে অতিরিক্ত চাপ পড়া উচিত নয়। স্ট্র্যাপ ঢিলা রাখুন। টাইট থাকলে চোখে ব্যথা হতে পারে।

২. নোংরা মাস্ক ব্যবহার করবেন না। তা হলে চোখে ইনফেকশন হতে পারে। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ বার ধোয়া উচিত।

৩. চোখে কোনও সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ মেনে তবেই মাস্ক ব্যবহার করুন।

দাম কেমন?

সাধারণ স্লিপ মাস্ক ২০০ টাকা থেকে শুরু হয়। আরও দামি মাস্কও বাজারে পাবেন। ত্বক অতিরিক্ত স্পর্শকাতর হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করুন।

শান্তনু দত্ত

Advertisement
সম্পর্কিত সংবাদ