Bartaman Logo
২৭ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

হারানো রান্নার গল্প

জিলিপি পুডিংয়ের ইতিহাস ও রেসিপি শোনাচ্ছেন শুভজিৎ ভট্টাচার্য। হারানো রান্নার গল্পে নতুন স্বাদের সন্ধান। বিস্তারিত পড়ুন।

হারানো রান্নার গল্প
  • ২৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রান্না সংক্রান্ত কথা আর রেসিপি নিয়ে চলছে হারানো রান্নার গল্প। এই বিভাগে একটি পদ নিয়ে গল্প শোনান রন্ধনবিশেষজ্ঞ ও গবেষক শুভজিৎ ভট্টাচার্য, সঙ্গে থাকে সেই রান্নার রেসিপি।

Advertisement

ভাবছেন হয়তো এ আবার কেমন হাঁসজারু খাবার! তাহলে এই মিষ্টির গল্পটা বলি শুনুন। জানেন কি, জিলিপি ভারতীয় মিষ্টি নয়? সুদূর পারস্যে এর জন্ম। সেখানে তার নাম ছিল জুলবিয়া বা জালাবিয়া। আনুমানিক দশম শতাব্দীতে প্রথম এই মিষ্টি বানানো হয়েছিল পারস্য দেশে। তারপর পারস্য ও তুরস্কের বণিকদের হাত ধরে তা ভারতে এসে পৌঁছয়। মুচমুচে সুস্বাদু মিষ্টিটি জনপ্রিয় হয়ে ওঠে আমাদের দেশে। এবং লোকমুখে ‘জালাবিয়া’ হয়ে যায় ‘জিলিপি’। ক্রমশ তা বাঙালি গৃহকোণে জায়গা করে নেয় এবং ব্রেকফাস্টের পাতে সাদরে গৃহীত হতে শুরু করে। এ তো গেল জিলিপির ইতিহাস। কিন্তু তার সঙ্গে পুডিং জুড়ল কেমন করে? ব্রেড পুডিং বা পাউরুটির পুডিং ব্রিটিশ পরিবারে বরাবরই বেশ জনপ্রিয় ছিল। পুরানো পাউরুটি সেঁকে নিয়ে তার সঙ্গে দুধ, চিনি ক্রিম ইত্যাদি মিশিয়ে একটা ভিন্ন স্বাদের খাবার তৈরি করতেন ব্রিটিশ রাঁধুনিরা। এরপর এই খাবারে একটু টুইস্ট বা বৈচিত্র আনতে পাউরুটির পরিবর্তে কড়া ভাজা জিলিপি যোগ করা হল। স্বাদ আরও বেড়ে গেল তাতে। এইভাবেই জিলিপি মিশল পুডিংয়ে। রান্নাটির হয়তো আলাদা কোনো ইতিহাস নেই। নেই কোনো প্রাচীন গল্প। নানা উপকরণ একে অপরের সঙ্গে মিশিয়ে নেহাতই ঘরোয়া পদ্ধতিতে তৈরি এক সুস্বাদু পদ এই জিলিপি পুডিং। তবে হাল আমলে চিজকেক, ম্যুস ইত্যাদির দাপটে তা অনেকটাই কোণঠাসা হয়ে প্রায় হারিয়েই যেতে বসেছে।

জিলিপি পুডিং

উপকরণ: জিলিপি ১০-১২টা, চিনি ১৫০ গ্রাম, ডিম ৪টে, ফ্রেশ ক্রিম ১০০ মিলি, দুধ ২০০ মিলি, ৮টা ছোটো এলাচ গুঁড়ো করা, ঢাকার জন্য অ্যালুমিনিয়াম  ফয়েল।

প্রণালী: একটা বড়ো পাত্রে ডিম ফেটিয়ে নিন। তার সঙ্গে চিনি যোগ করে ইলেকট্রিক ব্লেন্ডারের সাহায্যে ফেটিয়ে নিন। বেশ ফেনা ফেনা হলে তাতে দুধ ও ক্রিম একে একে ঢেলে দিন। তারপর এই মিশ্রণ ভালো করে ফেটান। ফেনাযুক্ত মিশ্রণ তৈরি হলে তাতে এলাচের গুঁড়ো মিশিয়ে নিন। এবার একটা বেকিং ট্রে-তে জিলিপিগুলো সাজান। তার উপর এই মিশ্রণ ঢেলে দিন। এবার বেকিং ট্রে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দিন। এবার তা আভেনে ঢুকিয়ে ২১০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৩০ মিনিট বেক করে নিন। তারপর আভেন থেকে বের করে নিন। অ্যালুমিনিয়াম ফয়েল খুলে নিন। আবার বেকিং ট্রে খোলা অবস্থায় আভেনে ঢুকিয়ে দিন। ২১০ ডিগ্রি সেন্টিগ্রেডে ১৫ মিনিট বেক করে নিন। উপরটা বেশ পোড়া পোড়া হয়ে যাবে। তখন আভেন থেকে বের করে তা নামিয়ে নিন। স্লাইস করে কেটে পরিবেশন করুন।    

Advertisement
সম্পর্কিত সংবাদ