টুকরো  খবর
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কলকাতায় ‘মেকন ২০২৬’  
• মিডিয়া ও বিনোদন জগতের সঙ্গে সৃজনশীল অর্থনীতির সম্পর্ক ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা হল ‘মেকন ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে। সম্প্রতি বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্সের উদ্যোগে কলকাতায় এই অনুষ্ঠান আয়োজিত হয়। মূল ভাবনা ছিল ‘ক্রিয়েটিভ ইকোনমি’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী ডঃ স্বপন দাশগুপ্ত, বিধায়ক রুদ্রনীল ঘোষ, বিএফটিসিসি-এর সভাপতি ফিরদৌসল হাসান সহ চলচ্চিত্র, সংবাদমাধ্যম ও শিক্ষাজগতের বিশিষ্টরা। চলচ্চিত্র, টেলিভিশন, ওটিটি, শিক্ষা, পর্যটন এবং প্রযুক্তির সঙ্গে সৃজনশীল অর্থনীতির যোগসূত্র নিয়ে একাধিক আলোচনা পর্বের আয়োজন করা হয়। বিশেষ গুরুত্ব পায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ইনফ্লুয়েন্সার সংস্কৃতি এবং ডিজিটাল বিনোদনের ভবিষ্যৎ। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারে বিনোদন জগৎ ও ডিজিটাল প্ল্যাটফর্মের বদলে যাওয়া ব্যবসায়িক পরিকাঠামো ও অর্থনীতির ভবিষ্যৎ কোন পথে এগবে সেই উত্তর খোঁজার চেষ্টা করেন বিভিন্ন পেশার বিশিষ্টরা। 
ছবি: ভাস্কর মুখোপাধ্যায়

Advertisement

সানরাইজের স্বাদকাহন
• বাংলার দুর্গাপুজোর ভোগের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখেন যাঁরা, সেই মানুষদের সম্মান জানাল সানরাইজ। ‘পুজোর স্বাদকাহন’ উদ্যোগের চতুর্থ বছরে রাজ্যজুড়ে ১,৫০০টি দুর্গাপুজোর গল্প তুলে ধরেছে সংস্থাটি। বারোয়ারি থেকে শতাব্দীপ্রাচীন পুজো, বিভিন্ন এলাকার ভোগের রীতি, বিশেষ পদ এবং স্মৃতির কথা উঠে এসেছে এই উদ্যোগে। পাশাপাশি ভোগের আয়োজনের সঙ্গে যুক্ত রাঁধুনি, ভোগের ঠাকুর, ক্যাটারার ও স্বেচ্ছাসেবকদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে। সংগৃহীত গল্পগুলির মধ্যে সেরা ২৫০টি নিয়ে প্রকাশিত হবে ‘স্বাদকাহন’ নামে একটি কফি টেবিল বই। রেডিয়োর মাধ্যমেও ছড়িয়ে দেওয়া হবে পুজোর ভোগের নানা কাহিনি। সানরাইজ স্পাইসেস, আইটিসি লিমিটেড-এর বিজনেস হেড সুরেশ চন্দ এ প্রসঙ্গে বলেন, ‘পুজোর ভোগের নেপথ্যে থাকা প্রত্যেকটি মানুষকে সম্মান জানাতে চেয়েছি।’  

১ লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যে এসঅ্যান্ডআইবি
• অফিস ও ঘরবাড়ি সুরক্ষার জগতে এসঅ্যান্ডআইবি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড বহু বছরের বিশ্বস্ত নাম। ২০৩৫ সালের মধ্যে ১ লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যে এগচ্ছে এই সংস্থা। সাধারণ মানুষের কাছে সামগ্রিক নিরাপত্তা ও ফেসিলিটি ম্যানেজমেন্টের পরিষেবা পৌঁছে দেওয়াই এদের কাজ। ১৯৮৫ সালে সামান্য পুঁজি ও মাত্র তিন জন লোকবল নিয়ে যে সংস্থা পথ চলা শুরু করেছিল, আজ তারা মহীরুহ। ২০২৫ অর্থবর্ষে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান করেছে এসঅ্যান্ডআইবি। গত অর্থবর্ষে সংস্থার টার্নওভার পৌঁছেছে ১,৩৪৬ কোটি টাকা। বর্তমানে এই সংস্থার দায়িত্ব নিয়েছেন তরুণ প্রজন্মের শ্রেয়সী কর্মকার। প্রথাগত মূলবোধ ও আধুনিক ভাবধারার সুন্দর সমন্বয় ঘটিয়ে তিনি নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে চলেছেন এই সংস্থা। ২০৩৫ সালের মধ্যে সংস্থার টার্নওভার ৫০০০ কোটি টাকায় পৌঁছানোর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।