পরিবেশ দূষণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ত্বকের নানারকম সমস্যা। তার সঙ্গে আধুনিককালের ব্যস্ত জীবনযাত্রা, ঘুমের সমস্যা, অনিয়মিত খাওয়াদাওয়া, অতিরিক্ত মেকআপ, হরমোনের ভারসাম্যহীনতা ইত্যাদি কারণের প্রত্যক্ষ প্রভাব পড়ে শরীরের নানা অংশে, ত্বকও তার ব্যতিক্রম নয়। ব্রণ, ফুসকুড়ি, বলিরেখা এইসব সমস্যার সঙ্গে আরও একটি অন্যতম সমস্যা ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস। নাকের দু’পাশে এবং থুতনিতে এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। কীভাবে হয় এসব? এবং কম খরচে ঘরোয়া পদ্ধতিতে কীভাবেই বা এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব?
আমাদের ত্বকের রোমকূপে তেল, ধুলো, ইত্যাদির সঙ্গে ত্বকের মৃতকোষ প্রতিনিয়তই জমছে। ঠিকমতো পরিষ্কার করা না হলে রোমকূপের মুখ বন্ধ হয়ে যায় এবং সংক্রমণ শুরু হয়, এখান থেকে জন্ম হয় ত্বকের এই সমস্যার। ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস থেকে মুক্তি পেতে অনেকেই পার্লারে গিয়ে বেশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে স্কিন ট্রিটমেন্ট করান। তবে, আপনার হাতের কাছেই থাকা ঘরোয়া জিনিসের মাধ্যমেই এই সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব। বাড়িতে থেকেই হোয়াইট হেডসের ঝামেলা থেকে মুক্তির কিছু ঘরোয়া টোটকা রইল আজ।
হোয়াইট ও ব্ল্যাক হেডস পরিষ্কার করার আগে মুখে গরম জলের ভাপ নিতে পারেন। এর ফলে বন্ধ রোমকূপ খুলে গিয়ে ত্বক পরিষ্কারের কাজটি সহজ হয়ে যায়।
আয়ুর্বেদ মতে, হলুদ ত্বকের জন্য অত্যন্ত উপকারী একটি ভেষজ উপাদান। হলুদে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ত্বকের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে। অন্যদিকে মধুও ত্বকের জন্য যথেষ্ট উপকারী। এক চা চামচ মধুর সঙ্গে, হাফ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে সেই মিশ্রণটি মুখে মাখুন। পনেরো থেকে কুড়ি মিনিট পর ঈষদুষ্ণ গরম জলে মুখ ধুয়ে নিন। তবে সতর্ক থাকা প্রয়োজন, হলুদ এবং মধুর মিশ্রণটি মাখার পর রোদে বেরনো উচিত নয়।
শুধু হলুদ নয়, মধুর সঙ্গে চিনি এবং লেবুর রস মিশিয়ে সেই মিশ্রণটি হোয়াইট হেডসের উপরে প্রয়োগ করলে তা আপনার ত্বককে হোয়াইট হেডস থেকে মুক্ত করে। এক চামচ মধু ও এক চামচ চিনি ভালো করে মিশিয়ে সেই মিশ্রণের উপর কয়েক ফোঁটা লেবুর রস যোগ করে ঘরোয়া পদ্ধতিতে একটি ফেসপ্যাক বানাতে পারেন। এই প্যাকটি ব্ল্যাক ও হোয়াইট হেডসের জায়গায় লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর উষ্ণ গরম জলে মুখ ধুয়ে নিন।
শুধু কেক বানাতে নয় আপনার সৌন্দর্যকে বজায় রাখতেও ব্যবহার করতে পারেন বেকিং সোডা। দুই থেকে তিন চামচ বেকিং সোডা এবং দু’-তিন ফোঁটা জল ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি পেস্ট বানাতে হবে। এই পেস্টটি হোয়াইট হেডস এর উপর প্রয়োগ করে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। তারপর মুখ ধুয়ে দেখে নিন জাদুর ঝলক।
ডিমের সাদা অংশের সঙ্গে মধু মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এরপর ওই ফেটানো মিশ্রণটি ত্বকে ভালো করে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঈষদুষ্ণ গরম জলে মুখ ধুয়ে নিন। এতে ত্বক মোলায়েম হওয়ার পাশাপাশি হোয়াইট হেডস ও ব্ল্যাকহেডসও পরিষ্কার হয়। ত্বকের উজ্জ্বলতা বাড়ে। শীতে ত্বক মোলায়েম থাকে। এতে বলিরেখাও কমে।
আতপ চাল ভালোভাবে গুঁড়ো করে তার সঙ্গে মুসুর ডাল বাটা মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটিও মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে উষ্ণ গরম জলে মুখ ধুয়ে নিন। এতে হোয়াইট হেডসের সমস্যা অনেক কমবে। তবে এই পদ্ধতি সপ্তাহে একবার প্রয়োগ করলেই যথেষ্ট।
কর্নফ্লাওয়ার জলে মিশিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা ভিনিগার যোগ করে ব্ল্যাকহেডস ও হোয়াইট হেডসে লাগান। ৩০ মিনিট রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিলেই উপকার পাবেন।
চন্দন গুঁড়ো ও গোলাপ জল একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এবং তা মুখে লাগিয়ে ২০-৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর উষ্ণ গরম জলে মুখ ধুয়ে নিন। কাঠবাদাম অর্থাৎ আমন্ড গুঁড়ো করে তার সঙ্গে গ্লিসারিন এবং এক চা চামচ মুলতানি মাটি মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। আমন্ড গুঁড়ো করার সময় খেয়াল রাখতে হবে সেগুলো যেন একেবারেই মিহি না হয়ে যায়। এই স্ক্রাব হোয়াইট হেডস ভালোভাবে দূর করে।
এক চামচ দারুচিনির গুঁড়োর সঙ্গে এক চামচ মধু মিশিয়ে একটি ঘন প্যাক তৈরি করে তা মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে পারেন।
অ্যালোভেরা পাতা কেটে এনে সরাসরি সেই জেল বা বাজারচলতি অ্যালোভেরা জেল হোয়াইট হেডসের উপর লাগিয়ে রাখুন।
অ্যালোভেরা জেল ব্যাকটেরিয়া কমিয়ে ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে। আর পরিষ্কার ত্বকে হোয়াইট হেডস বাসা বাঁধতে পারে না। তবে এই ক্ষেত্রে কিছু সতর্কতা প্রয়োজন। যেমন, কখনোই নখ দিয়ে হোয়াইট হেডস খুঁটবেন না। এই বদভ্যাসের ফলে ত্বকে দাগ, ক্ষত সৃষ্টি হতে পারে। নিয়মিত ত্বক পরিষ্কার রাখুন এবং দিনের শেষে ভালোভাবে মেকআপ তুলে ফেলুন। এভাবেই ঘরোয়া পদ্ধতিতে ব্ল্যাকহেডস ও হোয়াইট হেডসের মোকাবিলা করে ত্বক আবার ঝলমলে ও উজ্জ্বল হয়ে উঠবে।
প্রদীপ্তা কুণ্ডু



