ভারতের রাজধানী দিল্লি। ইতিহাসসমৃদ্ধ এই শহরের আনাচে কানাচে আজও গল্পরা কথা বলে। সাংস্কৃতিক আবহেও দিল্লির আলাদা গুরুত্ব রয়েছে। ঘুরে দেখা যাক রাজধানীর নানা স্থাপত্য।
‘দেখিতে গিয়েছি পর্ব্বতমালা/ দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া/ ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে/ একটি শিশির বিন্দু।।’
রবীন্দ্রনাথের লেখা উপরের কবিতাটি আমার জীবনে সত্যি হয়ে দেখা দিয়েছিল। আমি চারবার বিদেশ ভ্রমণ করেছি। ইউরোপ, আফ্রিকা, ইজিপ্ট, ভুটান, বাংলাদেশ। বিশ্বের পনেরোটা দেশ দেখা হয়ে গিয়েছে। নিজের দেশের অভ্যন্তরের প্রতিটি রাজ্য, প্রতিটি বড়ো শহরের আনাচ কানাচও ছুঁয়ে দেখেছি। কিন্তু ভারতের রাজধানী খোদ দিল্লি আমার অধরা ছিল। এমন নয়, এতদিনে একবারও আমি দিল্লি যাইনি। গিয়েছি, একাধিকবার গিয়েছি। কিন্তু বুড়িছোঁয়া করে বেরিয়ে গিয়েছি কখনো সিমলা, কখনো রাজস্থান, কখনো হরিদ্বার। দেশের ক্যাপিটালকে হৃদয় দিয়ে অনুভব করার সৌভাগ্য হয়নি এতদিন। পঞ্চাশ বছর বয়সে পৌঁছে এবারে সেই আশা পূর্ণ হল। তাও আবার পাকচক্রে। কোনোরকম আগাম পরিকল্পনা ছাড়াই আমরা রওনা দিলাম রাজধানীর উদ্দেশ্যে।
ট্রেনের সফর চমৎকার ছিল। পৌঁছানোর পরের দিন একটা গাড়ি ভাড়া করে সকাল সাতটায় আমরা বেরিয়ে পড়লাম। প্রথম গন্তব্য ছিল কালকাজি মন্দির। গাড়িতে জুতো খুলে খালি পায়ে আমরা প্রবেশ করলাম শতাব্দী প্রাচীন জাগ্রত কালী মন্দিরে। তিন হাজার বছরের পুরানো এই মন্দিরটি স্থানীয়দের কাছে অতি পবিত্র। এখানে কালী মাতা বিরাজমান। কথিত আছে, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে, শ্রীকৃষ্ণ সহ পাণ্ডবগণ জয়ের জন্য এই দেবীর আরাধনা করেছিলেন। কালো এবং সাদা মার্বেলে মোড়া মন্দিরটির প্রবেশদ্বারে একটি প্রকাণ্ড ত্রিশূল রাখা আছে। অগণিত ভক্ত দণ্ডি কাটতে কাটতে গর্ভগৃহে পৌঁছাচ্ছে। হাতে তাদের ঘিয়ের প্রদীপ এবং লাল চেলি। মাইকে শাক্ত মন্ত্রোচারণ চলছে। কালকাজি কোনো বিগ্রহ নয়, একটি কালো শিলা পাথর পূজিত হন এখানে। প্রতিদিন সকাল, সন্ধে আরতি হয়। কেবল কালকাজি নন— শিব, গণেশ, শ্রীকৃষ্ণ, লক্ষ্মী সকলের মূর্তি আছে এখানে। প্রসাদ পেলাম লাড্ডু এবং তিলের নাড়ু। কালকাজি মন্দির থেকে সামান্য গিয়েই গাড়ি দাঁড়িয়ে পড়ল। ড্রাইভার বললেন, ‘দেখকে আইয়ে লোটাস টেম্পল।’
লোটাস টেম্পল! পায়ে পায়ে এগিয়ে গেলাম। বিশাল চত্বর জুড়ে এই মন্দির। চারিদিকে সবুজ লন এবং মরশুমি ফুলের সমারোহ। দিল্লির অক্সিজেন ভাণ্ডার বলা চলে এই বাগিচাকে। দিঘির টলটলে নীল জলে ফোয়ারা। কত মাছ খেলা করছে! ফুটে আছে গোলাপি পদ্ম ও নাম না জানা জলজ বেগুনি ফুল। মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই। আমরা খানিকটা এগিয়েই থমকে দাঁড়ালাম। সামনে কমল মন্দির। এত সুন্দর স্থাপত্য! মনোমুগ্ধকর। ধবধবে সাদা মার্বেলের সুবিশাল ইমারত। সাতাশটি বিশাল পাপড়ি মেলে দাঁড়িয়ে আছে প্রকাণ্ড শ্বেত শতদল। নিখুঁত পদ্মের গড়ন। ত্রিকোণ বিশিষ্ট মন্দিরের মোট নয়টি প্রবেশ দ্বার। নয়টি দরজাই উন্মুক্ত হয়েছে পদ্মের গর্ভগৃহের বৃত্তাকার উপাসনালয়ে। এটি বাহাই সম্প্রদায়ের মন্দির। তৈরি হয়েছে আজ থেকে চল্লিশ বছর আগে ১৯৮৬ সালে। ফারিবোর্জ শাহবা নামের স্থপতি এই মন্দিরের ডিজাইন করেছিলেন। বাহাই সম্প্রদায়ের হলেও এই উপাসনালয়ে যে কোনো জাতি, ধর্ম, বর্ণের মানুষ প্রবেশ করতে পারেন। চল্লিশ মিটার উচ্চ এই মন্দিরে এককালীন পঁচিশশো মানুষ একসঙ্গে ধ্যান করতে পারেন। মন্দিরের অন্দরে সার সার সেগুন কাঠের ডেস্ক রয়েছে। সেখানে বসে মানুষ প্রার্থনা করেন। আমরাও ঢুকে পড়লাম। ভিতরে পিন পতনের নিস্তব্ধতা। সবাই নিঃশব্দে নিজ নিজ অভীষ্টের দরবারে প্রার্থনা করে চলেছেন। এই সম্প্রীতি দেখে চোখে জল এল। অপার শান্তি বিরাজ করছে পদ্ম মন্দিরে।
কমল মন্দিরের থেকে বেরিয়ে তৃপ্ত মনে রওনা দিলাম পরবর্তী আকর্ষণ হুমায়ুনের সমাধির দিকে। নয়া দিল্লিতে সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া মাজারের পাশেই পুরানা কেল্লা সংলগ্ন এই সমাধি। হুমায়ুন শব্দের অর্থ সৌভাগ্যবান। তিনি সত্যিই সৌভাগ্যবান, আজও তাঁর কবর দেখতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান। চল্লিশ টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঢুকলাম। বিদেশিদের টিকিট ছ’শো টাকা। এখানে দর্শনীয় স্থান তিনটি। প্রথমে মুঘল মিউজিয়াম, তারপর হুমায়ুনের কবর এবং শেষে সুন্দর নার্সারি। যদিও শুধু হুমায়ুনের সমাধিই সারাদিনের দ্রষ্টব্য হতে পারে। কারণ এখানে মুঘল সাম্রাজ্যের মণিমাণিক্য ছড়ানো। শীতাতপ নিয়ন্ত্রিত মিউজিয়ামটি অবশ্য দ্রষ্টব্য। পুরো সমাধির নকশা লাইট অ্যান্ড সাউন্ড শো-তে প্রদর্শিত হচ্ছে। মিউজিয়ামে মুঘল স্থাপত্য, অস্ত্রশস্ত্র, সংগীত সামগ্রী সযত্নে রক্ষিত আছে। আছে সোনা, রুপার বাসন, পোশাক, উষ্ণীষ, তাজিয়া, রথ ইত্যাদি। মিউজিয়ামে সুফি সম্প্রদায়ের সংগীতের অডিও ভিজ্যুয়াল দেখে মন ভরে গেল। মহা পরাক্রমশালী বাদশারা আগ্রা থেকে দিল্লির মসনদ দখল করেছিলেন। শৌর্যে, বীর্যে, সাহসে তাঁরা ছিলেন বীর সৈনিক। সেই সঙ্গে তাদের সৌন্দর্য প্রিয়তাও ছিল মনোমুগ্ধকর। মিউজিয়াম দেখার পর আমরা প্রবেশ করলাম মূল সমাধিতে। প্রধান ফটক দিয়ে এগিয়ে চললাম। ইট বসানো লাল সুরকির পথ। দু’পাশে কেয়ারি করা খর্বাকৃতি সুদৃশ্য ঝাউ গাছের সারি। সামনে দিঘিতে জলের ফোয়ারা। আছে পথের পাশে অজস্র ছোটো ছোটো শ্বেত পাথরের স্মারক। বিশাল জায়গা জুড়ে এই সমাধি সৌধ। এটি এশিয়ার প্রথম উদ্যান সমাধি। প্রচুর গাছপালা সমন্বিত বিস্তীর্ণ প্রান্তর যেন ফিসফিস করে ইতিহাসের গল্প বলে।
১৫৫৬ খ্রিস্টাব্দে হুমায়ুনের মৃত্যু হয়। তাঁর প্রধানা মহিষী হামিদা বানু হুমায়ুনের কবর তৈরি শুরু করেন ১৫৬২ সালে। সমাধিস্থলের নকশা তৈরি করেন পারসিক স্থপতি মির্জা গিয়াস। ১৫৭১ সালে এই সমাধি তৈরির কাজ সমাপ্ত হয়। খরচ হয়েছিল পনেরো লক্ষ টাকা। আমরা প্রবেশ করলাম সমাধি সৌধে। লাল বেলেপাথরের অপূর্ব ভাস্কর্য মুগ্ধ করবেই। একঝলক দেখেই তাজমহলের আদল মনে আসে। ঠিকই, এই স্থাপত্যের অনুকরণেই তো পরবর্তীকালে শাহজাহান তাজমহল তৈরি করেন আগ্রায়। উঁচু ছাদের দ্বিতল প্রাসাদোপম ইমারত। রয়েছে ঝরোখা, নজর চৌকি। যেখানে নিরাপত্তারক্ষীরা অন্তরালে থেকে প্রহরা দিতেন। দোতলায় রয়েছে সার সার শ্বেতপাথরের কবর। শুধু হুমায়ুন নয়, এখানে চিরনিদ্রায় শায়িত আছেন দারাশুকো, হামিদা বানু, ফারুকশিয়ার সহ মুঘল শাসকেরা। তাসখন্দে তৈমুর লঙের কবরের আদলে হুমায়ুনের সমাধি স্থাপিত। এক রক্ষী জানালেন, দোতলার সমাধিগুলি ডামি। আসল শবদেহ রক্ষিত আছে প্রথম তলের হলঘরে। সেখানে সাধারণের প্রবেশাধিকার নেই। হুমায়ুন মকবরার আরেক আকর্ষণ মসজিদ। এখনও প্রতি শুক্রবার নমাজ পড়তে আসেন শতাধিক মুসলিম।
এরপর দেখলাম সুন্দর নার্সারি। এটি একটি বিশালাকার পার্ক। কত যে গাছপালা রয়েছে! মুঘল শাসকেরা পত্নী, উপপত্নীসহ এই বাগিচায় এসে সৌন্দর্য উপভোগ করতেন।
বেলা দ্বিপ্রহর। বেজায় খিদে পেয়েছে। দিল্লির জামা মসজির উলটোদিকের গলিতে লাঞ্চ সেরে নিলাম। মেনু অবশ্যই মোগলাই খানা।
আমাদের পরবর্তী দ্রষ্টব্য কুতুব মিনার। গাড়ি ছুটল মেহরৌলির দিকে। ঘণ্টা খানেকের মধ্যে পৌঁছে গেলাম কুতুব মিনার। টিকিট কেটে তোরণ পেরিয়ে প্রবেশ করলাম বিশাল এক উদ্যানে। দু’শো একর জমি নিয়ে কুতুব মিনার কমপ্লেক্স গড়ে উঠেছে। কুতুবুদ্দিন আইবক তাঁর গুরু সুফি সন্ত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকীর স্মৃতির উদ্দেশ্যে এই সুউচ্চ মিনারটি তৈরি করতে শুরু করেন। বিশ্বের সর্বোচ্চ ইটের তৈরি মিনার এটি। প্রথম তল গঠিত হবার পর দুর্ভাগ্যবশত কুতুবুদ্দিন আইবকের মৃত্যু ঘটলে তাঁর জামাতা ইলতুৎমিস বাকি পাঁচটি তল সমাপ্ত করেন। এই মিনারটি ২৩৮ ফুট উঁচু। ভিতরে সিঁড়ি আছে ৩৩৭৯টি। এর গঠন শৈলীতে ইন্দো-ইসমালিক কারুকাজ আছে। কোরানের আয়াত লেখা আছে মিনারের গায়ে।
শুধু কুতুব মিনার নয়, তিন হাজার বছরের পুরানো একটি লৌহদণ্ড আজও এখানে বিস্ময়ের উদ্রেক করে। গুপ্ত সাম্রাজ্যের প্রতীক এই লৌহদণ্ডটিতে আজ অবধি মরচে ধরেনি। যা সেই সময়ের ধাতু বিদ্যার পারদর্শিতার স্মারক হয়ে দাঁড়িয়ে আছে। ২৩ ফুট উঁচু এবং ৬০০০ কেজি ওজনের এই লৌহদণ্ডটি আগে উদয়গিরিতে ছিল। ১২৩৩ খ্রিস্টাব্দে এটি কুতুব মিনার সংলগ্ন সোপানে প্রতিষ্ঠিত হয়।
এখানে আছে আলাই মিনার। আলাউদ্দিন খিলজি কুতুব মিনারের থেকে উঁচু একটি মিনার তৈরির পরিকল্পনা গ্রহণ করেন। তবে তাঁর হঠাৎ মৃত্যু হওয়ায় সেই আলাই মিনার অসমাপ্ত হয়ে পড়ে আছে। আলাই দরওয়াজার সূক্ষ্ম ইন্দো-পারসিক কারুকাজ সেই যুগের স্থাপত্য শিল্পের উৎকর্ষ প্রমাণ করে। ইউনেস্কো ১৯৯৩ সালে এই আজান মিনারটিকে ‘বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বলে’ ঘোষণা করেছে। আলাউদ্দিন খিলজি এবং ইলতুৎমিসের সমাধি দেখে আমরা কুতুব মিনার দর্শন শেষ করি।
সেদিনের শেষ গন্তব্য ছিল লালকেল্লা। বিকেল সাড়ে চারটের মধ্যে প্রবেশ করতে হয় লালকেল্লায়। প্রবেশ মূল্য পঁয়ত্রিশ টাকা। বিদেশিদের জন্য পাঁচশো টাকা। মূল প্রবেশদ্বার লাহোরি গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। লাল চুনাপাথর এবং ছোটো ছোটো ইট দিয়ে লালকেল্লা সাজানো। শাহজাহান আগ্রা থেকে রাজকার্য পরিচালনা করতে পারছিলেন না। দিল্লিতে রাজপ্রাসাদ স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। তাজমহলের স্থপতি ওস্তাদ আহমেদ লাহোরিকে তিনি কেল্লা বানানোর নির্দেশ দেন। লালকেল্লার নির্মাণ কাজ শুরু হয় ১৬৩৮ সালে। শেষ হয় ১৬৪৮ সালে। আমরা দেখলাম দত্তা চক বাজার। এখানে এখনও মুঘল হস্তশিল্প এবং কুটির শিল্পসামগ্রী বিক্রয় হয়। আছে মিউজিয়াম। সেখানে ডাকটিকিট সংগ্রহশালাটি অবশ্য দ্রষ্টব্য।
দেওয়ান ই আম দরবার দেখলাম। যেখানে সম্রাট জনসাধারণের অভাব অভিযোগ শুনতেন। অপরাধীকে জনসমক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দিতেন। আর আমীর ওমরাহ মন্ত্রীদের নিয়ে জাঁহাপনার গোপন শলা-পরামর্শ কক্ষের নাম দেওয়ান ই খাস। এই নীতি নির্ধারণী কক্ষ পাহারা দিত শ্রবণশক্তিহীন নফর, যাতে রাজ্য পরিচালনার গোপন কূটনৈতিক সংবাদ বহিঃশত্রুর কাছে কোনোমতে পাচার না হয়ে যায়। সম্রাট এখানে যে আসনে বসতেন, তার নাম ময়ূর সিংহাসন। সোনা, রুপা, মণি, মুক্তো শোভিত সেই তখত-এর মাঝখানে শোভা পেত মস্ত বড় হীরে, কোহিনুর। সামনে একটি গম্বুজবিশিষ্ট প্রাসাদ চোখে পড়ল। গাইড জানালেন, এই প্রাসাদের নাম নহবতখানা। এর ছাদ ছিল রুপার। দেওয়াল বেলজিয়াম কাচের। নৃত্য-গীতের নিয়মিত আসর বসত এই শ্বেতপাথরের কক্ষে।
চারশো বছর আগের ইতিহাস শুনতে শুনতে মোহিত হয়ে এগিয়ে চললাম। সামনে পড়ল রংমহল। এটি হারেম। বাদশাহের উপপত্নীরা এখানে থাকতেন। তাঁদের সংখ্যা ছিল দুই শতাধিক। এই মহলে একমাত্র সম্রাটের প্রবেশাধিকার ছিল। কোনো পুরুষ হারেমে ঢুকতে পারত না। এখানকার প্রহরীদের অস্ত্রোপচার করে যৌন ক্ষমতাহীন করে দেওয়া হত। সেনাদের থাকার ছাউনি দেখলাম। দেখলাম অস্ত্রাগার, আস্তাবল, স্নানাগার বা হামাম। শেষ হল লালকেল্লা দেখা। ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশে ভাষণ দেন। সেই রেওয়াজ আজও চলছে। কত ইতিহাসের সাক্ষী এই লাল দুর্গ। আবার ফেরার প্রতিজ্ঞা নিয়ে বাড়ির পথ ধরলাম।
কেয়া রায়
প্রিয় পাঠক, ভ্রমণ সংক্রান্ত মৌলিক লেখা ১৫০০ শব্দের মধ্যে পাঠান [email protected] ইমেল আইডি-তে। সঙ্গে পাঠান সেই জায়গার ছবি। মনোনীত লেখা প্রকাশিত হবে।



