শীতের মরশুম আসন্ন। এসময় পরপর পার্টি লেগেই থাকে। কখনো কর্পোরেট পার্টিতে হাজির হতে হয়। কোথাও বা বন্ধুদের সঙ্গে আনন্দ, হুল্লোড়ে কোয়োলিটি টাইম কাটে। অনুষ্ঠান যেমনই হোক, সাজ হতে হবে নজরকাড়া। পার্টি সিজনের কথা মাথায় রেখে চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে সেজেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তুঁতে রঙের ডিজাইনার জ্যাকেট এবং প্যান্ট তাঁর পরনে। পনিটেলে তৈরি হয়েছে স্মার্ট লুক। অন্য ছবিতে একটি ওয়ান পিস ড্রেস পরেছেন নায়িকা। খোলা চুল আর পার্টি মেকআপে একেবারে তৈরি তিনি। দু’টি পোশাকেই ডিজাইনারের নিজস্ব ভাবনাচিন্তার ছাপ রয়েছে। শীতকালীন পার্টিতে সাধারণত ওয়েস্টার্ন বা ইন্দো ওয়েস্টার্ন পোশাক বেশি পরা হয়। উজ্জ্বল রং পোশাকের আভিজাত্য আরও বাড়িয়ে দেয়। ডিজাইনার লুক তৈরি করতে চাইলে পোশাকের উপর কখনো হাতের কাজ, কখনো বা কাটিংয়ে বিশেষত্ব থাকে। তবেই বাকিদের থেকে আলাদা দেখতে লাগে। ব্যক্তিত্ব অনুযায়ী পোশাক নির্বাচন করার পরামর্শই দেন সব ডিজাইনার। তবেই সাজের মধ্যে সামঞ্জস্য বজায় থাকে। পার্টি মেকআপও যেন উগ্র না হয়, সেদিকে খেয়াল রাখবেন। স্মোকি আইজ করতে পারেন। ডার্ক লিপসও ভালো মানাবে। চেরি রেড, ব্রাউন, ভাইব্র্যান্ট পিঙ্ক-এর মতো রঙের লিপস্টিক পার্টি সিজনের জন্য আদর্শ।
স্বরলিপি ভট্টাচার্য



