হাতিয়ার ফুটবল। খেলার মাঠকে অস্ত্র হিসাবে ব্যবহার করে জনজাতি মহিলাদের আত্মবিশ্বাস, স্বনির্ভরতা ও ক্ষমতায়নের লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল উন্নতি ফাউন্ডেশন। পুরুলিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলের মহিলাদের নিয়ে সদ্য আয়োজিত হল মহিলা ফুটবল প্রতিযোগিতা ‘অগ্নিশিখা কাপ’। এই প্রতিযোগিতা কেবল মাঠের লড়াই নয়, বরং সামাজিক পরিবর্তনের প্রয়াস। পিতৃতান্ত্রিক সামাজিক কাঠামো, অল্প বয়সে বিয়ে ও নানা বিধিনিষেধের বেড়াজাল পেরিয়ে মেয়েদের নিজস্ব পরিচয় গড়ে তোলার সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। ফুটবলের মাঠে দলগত সংহতি, নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের চর্চা মেয়েদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। তাই স্বপ্ন দেখতে সাহায্য করছে এই উদ্যোগ। মেয়েরা চাইলে পারে না, এমন কোনো কাজই নেই। ছোটো থেকে মেয়েদের মনে সেই বিশ্বাস গেঁথে দেওয়া এই প্রয়াসের অঙ্গ। ফাউন্ডেশনের বিশ্বাস, প্রত্যেক মেয়ের স্বপ্ন দেখা, সিদ্ধান্ত নেওয়া এবং নিজের ভবিষ্যৎ গড়ে তোলার অধিকার রয়েছে। সেই অধিকার প্রতিষ্ঠার পথে ‘অগ্নিশিখা কাপ’ হয়ে উঠতে চায় এক নতুন পদক্ষেপ। তাই প্রত্যেকটি মেয়ের জীবনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা যে কতখানি জরুরি, তা ধীরে ধীরে বুঝতে শিখছে তারা। এখানেই এই উদ্যোগের সঠিক পরিমার্জনা।



