ওবিসিদের সরিয়ে মুসলিমদের সংরক্ষণ, সংবিধান দিবসে কংগ্রেসকে তোপ প্রধানমন্ত্রীর
  • ২৬ নভেম্বর, ২০২৬ ১২:০৬
Prefer us on Google

 নয়াদিল্লি, ২৬ নভেম্বর: ওবিসি সম্প্রদায়ের সংরক্ষণ কমিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে চাইছে বিরোধীরা। সংবিধান দিবসে নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক নিবন্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নাম না করলেও তাঁর নিশানায় যে কংগ্রেস, তা স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল। 

Advertisement

আজ সংবিধান দিবস উপলক্ষে প্রকাশিত ওই নিবন্ধে প্রধানমন্ত্রী জানান, সংবিধান প্রণেতারা, বিশেষ করে ডঃ বি আর আম্বেদকর, মুসলিমদের জন্য ধর্মের ভিত্তিতে সংরক্ষণের বিরোধী ছিলেন। বিরোধীদের এই অবস্থানকে অত্যন্ত নিন্দনীয় বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদি। পাশাপাশি সংসদে বিরোধীদের ভূমিকা নিয়েও সরব হয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর কটাক্ষ, বিরোধী দল এখন বিরোধী পক্ষের বদলে অবরোধ পক্ষ হয়ে উঠেছে। সংসদীয় কাজকর্মে বাধা দেওয়া সাংবিধানিক দায়িত্ব পালনের বিকল্প হতে পারে না বলেও মন্তব্য তাঁর। মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ার জন্যও বিরোধীদের দায়ী করেছেন নরেন্দ্র মোদি। পাশাপাশি দেশের প্রথম ও ৪২তম সংবিধান সংশোধনী, জরুরি অবস্থার সময় সাংবিধানিক অধিকার খর্ব করা এবং ৩৫৬ ধারার অপব্যবহার নিয়েও কংগ্রেসকে নিশানা করেছেন মোদি। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫এ ধারা প্রত্যাহার, মাওবাদী দমনে সাফল্য এবং কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, সংবিধানের প্রকৃত চেতনা বজায় রেখেই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে তাঁর সরকার।