দিল্লির একাধিক থানায় বাড়ল নিরাপত্তা, রিসেপশনে থাকা পুলিশকর্মীদের অস্ত্র রাখার নির্দেশ
  • ২৬ নভেম্বর, ২০২৬ ১১:০৮
Prefer us on Google

নয়াদিল্লি, ২৬ নভেম্বর: নয় পুলিশকর্মীর উপর ছুরি হামলার ঘটনার জের, থানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কড়া পদক্ষেপ দিল্লি পুলিশের। দিল্লির জামা মসজিদ থানায় নয় পুলিশকর্মীর উপর ছুরি হামলার ঘটনার দুইদিনের মাথায় থানাগুলির নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিল দিল্লি পুলিশ। থানার রিসেপশনে দায়িত্বে থাকা পুলিশকর্মীদের আত্মরক্ষার জন্য আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখার নির্দেশ দিয়েছেন একাধিক সিনিয়র পুলিশ আধিকারিক।

Advertisement

পুলিশ মারফত জানা গিয়েছে, বিভিন্ন থানার এসএইচও এই নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, থানার কাছে কোনো ব্যক্তি অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করলে আত্মরক্ষায় সার্ভিস অস্ত্র ব্যবহার করার অধিকার রয়েছে পুলিশকর্মীদের। 
উল্লেখ্য, সোমবার দুপুরে নাবিল (৩০) নামে এক ব্যক্তি জামা মসজিদ থানায় ঢুকে ছুরি দিয়ে হামলা চালায়। সেই সময় থানার ভিতরে থাকা পুলিশকর্মীদের কারও কাছেই আগ্নেয়াস্ত্র ছিল না। ভিআইপি ডিউটির জন্য ৩৫ জন পুলিশকর্মী, এমনকি থানার এসএইচও অস্ত্র নিয়ে বাইরে থাকায় এই পরিস্থিতি তৈরি হয় বলে জানা গিয়েছে। এই ঘটনার পর থানার কর্মীদের ভূমিকা, জরুরি আধিকারিকের কাছে অস্ত্র ও সচল ওয়্যারলেস সেট না থাকা এবং যোগাযোগ ব্যবস্থার ত্রুটি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ সদর দপ্তর।