শ্রীনগর, ২৬ নভেম্বর: গত ৩৭ বছরে প্রথমবার কাশ্মীরে স্থানীয় জঙ্গির সংখ্যা শূন্যে নেমেছে বলে দাবি নিরাপত্তা আধিকারিকদের। শেষ স্থানীয় জঙ্গি লতিফ ভাটের মৃত্যুর পর উপত্যকায় আর কোনো স্থানীয় জঙ্গি সক্রিয় নেই বলে জানা গিয়েছে ইতিমধ্যেই। এই পরিস্থিতিতে শীতের আগে এলওসি দিয়ে পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে ক্রমশই।
সূত্রের খবর, পীর পাঞ্জাল পর্বতের উত্তরে প্রায় ৩৫ জন পাকিস্তানি জঙ্গি সক্রিয় রয়েছে। নিয়ন্ত্রণরেখা সংলগ্ন লঞ্চপ্যাডগুলিতে ছোটো ছোটো দলে লস্কর-ই-তইবা ও জইশ-ই-মহম্মদের জঙ্গিরা অপেক্ষা করছে বলে জানা গিয়েছে। প্রতিটি দলে দুই থেকে তিনজন করে সদস্য রয়েছে।
পরিসংখ্যান বলছে, ২০১৮ সালে ১৯৬ জন স্থানীয় যুবক জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিলেন। ২০২১ সালে সেই সংখ্যা ছিল ১৪৬, ২০২২ সালে ১২১। ২০২৩ সালে তা কমে ১৯, ২০২৪ সালে ৪ এবং ২০২৫ সালে মাত্র ১-এ দাঁড়ায় তা। চলতি বছরে স্থানীয় নিয়োগের সংখ্যা শূন্য বলে দাবি। সম্ভাব্য অনুপ্রবেশ রুখতে পাহাড়ি ও জঙ্গল এলাকায় প্রায় ১০০টি অস্থায়ী নিরাপত্তা ঘাঁটি তৈরি করেছে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি এলওসিতে সম্ভাব্য নজরদারি বাড়ানো হয়েছে।
অপরদিকে, পাকিস্তানে আশ্রয় নেওয়া পুরনো জঙ্গিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্যোগও শুরু হয়েছে। জঙ্গি কার্যকলাপে অর্থের জোগান বন্ধ করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।



