সংবিধান দিবসে গণতন্ত্র রক্ষার দাবি দিল্লিতে, আজ রাজপথে কৃষক-কংগ্রেস
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রথমে ছাত্রছাত্রী। তাদের সঙ্গেই যোগ জেন জি’র। এরপর কৃষক। তার ঠিক পরেই শ্রমিক-কর্মচারীরা। নরেন্দ্র মোদি সরকারের বিরোধিতায় একের পর এক প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি। আর তাতে মিলেমিশে গিয়েছে দেশের সাধারণ মানুষের বড়ো অংশ। জেন জি থেকে শ্রমিক, মধ্যবিত্ত থেকে কৃষক—কার্যত সমাজের সর্বস্তরের মানুষের দাঁতে দাঁত চেপে এভাবে মোদি সরকার বিরোধী আন্দোলনে তাই পদ্মশিবির যথেষ্ট ব্যাকফুটে। উল্লেখযোগ্য বিষয় হল, প্রতিটি ক্ষেত্রেই মোদি সরকারের বিরোধিতায় আন্দোলনের ভরকেন্দ্র হয়ে উঠছে যন্তরমন্তর। তা সে যতই ‘ডি নোটিফায়েড’ থাকুক না কেন। জেন জি, শ্রমিক, কৃষকদের পাশাপাশিই কেন্দ্র সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভে সোচ্চার হয়েছে রাজনৈতিক দলগুলিও। সিপিএম, কংগ্রেস, মমতাপন্থী তৃণমূল থেকে আম আদমি পার্টি—মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু যাবতীয় দাবিদাওয়া এসে মিশছে একটিই কেন্দ্রবিন্দুতে। তা হল, সংবিধানকে বাঁচানোর অঙ্গীকার। গণতন্ত্র রক্ষার দাবি। আর ২৬ নভেম্বর সংবিধান দিবসে সেই গণতন্ত্র রক্ষার দাবিই প্রবল হয়ে উঠতে চলেছে রাজধানী দিল্লিতে। 

Advertisement

২ বছর ১১ মাস ১৭ দিন। আলোচনা শেষে ১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংসদের সেন্ট্রাল হলে সংবিধান সভায় গৃহীত হয়েছিল ভারতের সংবিধান। আজ, বৃহস্পতিবার তারই ৭৭ বছর পূর্তি। এবং এই দিনটিকে বেছে নিয়েই দিল্লির রাজপথে নামছে কংগ্রেস এবং আন্দোলনকারী কৃষকরা। মোদি সরকারের অস্বস্তি দ্বিগুণ বাড়িয়ে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলিও জানিয়ে দিয়েছে, আগামী ১ ডিসেম্বর তারা সংসদ ভবন অভিযানে শামিল হবে। দিল্লি পুলিশ জানিয়েছে, কৃষকরা বিক্ষোভ মিছিলের জন্য কোনো অনুমতি নেয়নি। তাই মিছিল এগতে দেওয়ার প্রশ্নই নেই। কৃষকরা অবশ্য হুংকার দিয়েছে, মিছিল হবেই। এর ফলে আজ দিল্লিতে অশান্তির আশঙ্কা ক্রমেই তীব্র হচ্ছে। রাজধানী শহরের পাশাপাশি দিল্লির সীমানা এলাকাগুলিতে কড়া নজরদারির বন্দোবস্তও করা হচ্ছে। একইদিনে কংগ্রেসের নেতা-কর্মী, সমর্থক এবং আন্দোলনকারী কৃষকদের পৃথক বিক্ষোভ কর্মসূচি রুখতে ঘুম উড়েছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন দিল্লি পুলিশের। সরকার যত কোণঠাসা হচ্ছে, ততই বাড়ছে দাবির তীব্রতা। প্রত্যেকের এক সুর, সংবিধানে নাগরিকদের যে অধিকার নিশ্চিত করা হয়েছিল, তাই লঙ্ঘন হচ্ছে মোদি জমানায়। ভোটার তালিকা শুদ্ধকরণের নামে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ভোট চুরি চলছে। একেই হাতিয়ার করেছে কংগ্রেস। আজ সংবিধান রক্ষার ডাক দিয়ে পথে নামছে তারা। প্রত্যেক রাজ্যের প্রদেশ কমিটির উদ্যোগে হবে ‘সংবিধান রক্ষা মিছিল।’ শুরু হবে আম্বেদকর অথবা মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশ থেকে। 
পাশাপাশি ‘ভোট রক্ষক’ অভিযানের মাধ্যমে কংগ্রেস কর্মীরা প্রতিটি ভোটকেন্দ্রে পৌঁছে ভোটার তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের নাম যাচাই করবেন এবং তাঁদের ভোটাধিকার পুনরুদ্ধারে সহায়তা করবেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ভোটমুখী রাজ্য উত্তরপ্রদেশের লখনউয়ে এই কর্মসূচিতে যোগ দেবেন। মানুষের অধিকার খর্ব করার অভিযোগে সোচ্চার হয়ে দেশজুড়ে বিজেপি বিরোধী আন্দোলনে মোদি সরকারকে কোণঠাসা করারই পরিকল্পনা নিয়েছে কংগ্রেস। ফলে ছাত্র-যুব, কৃষক-শ্রমিকের সঙ্গে কংগ্রেস তথা বিরোধী দলগুলি ক্রমশ মোদি বিরোধী জমায়েতে জোট বাঁধছে। অন্যদিকে, কৃষকদের সঙ্গে আজ থাকবে ছাত্র-যুব এবং শ্রমিক-কর্মচারীরাও। এমএসপি আইনের পাশাপাশি ভোট চুরিও রয়েছে কৃষকদের বিরোধিতার এজেন্ডায়। মন্দির মার্গে কালীবাড়ির সামনে থেকে শুরু হবে মিছিল। তা এগবে যন্তরমন্তরের দিকে। আন্দোলনকারীদের হুংকার, ‘যেখানেই পুলিশ বাধা দেবে, সেখানেই হবে যন্তরমন্তর।’ দিল্লিতে কৃষক আন্দোলনের ছ’বছর পূর্তি হচ্ছে যে আজই।