জিতলে মুখ্যমন্ত্রী নন? বিজেপির অন্দরে যোগীকে ঘিরেই চরম ‘দ্বন্দ্ব’ উত্তরপ্রদেশে
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যোগী আদিত্যনাথ আবার মুখ্যমন্ত্রী... এটা কি বিজেপির অন্দরে সকলে চাইছে না? উত্তরপ্রদেশে ভোটের ঘোষণা যখন শিয়রে, এরকমই এক মুহূর্তে বিস্ময়করভাবে এই প্রশ্ন উঠছে। কিন্তু কেন উঠছে এই প্রশ্ন? তবে কি বিজেপির শক্তিশালী কোনো গোষ্ঠী চাইছে না যোগীকে আবার মুখ্যমন্ত্রী পদে বসাতে? কারা তাঁরা? এই গুঞ্জন অনেক দিন ধরেই চলছে। কিন্তু জল্পনা জোরদার চর্চায় পরিণত হয়েছে বিগত ৭২ ঘণ্টা ধরে। প্রথমে সোমবার, তারপর বুধবার খোদ যোগী সরকারের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেছেন, বিজেপি কোনও মুখ্যমন্ত্রীর পদের মুখ সামনে রেখে নির্বাচনে লড়াই করে না। আমাদের দলের প্রধান মুখ হল পদ্মফুল। সুতরাং পদ্মফুলকে সামনে রেখেই হবে নির্বাচন। তাতেই উসকে গিয়েছে বিতর্ক।

Advertisement

উত্তরপ্রদেশে আ‌ইনশৃঙ্খলা রক্ষায় কঠোরতা আনা তথা শিল্পলগ্নির ক্ষেত্রেও মুন্সিয়ানার পরিচয় দিয়ে সরকারে ও দলের অন্দরে আদিত্যনাথ কমবেশি জনপ্রিয়তা অর্জন করেছেন। রাজনৈতিক মহলের চর্চা হল, যোগীর নিজের ভাবমূর্তি নেতিবাচক আকার নিয়েছে, এমন নয়। বরং রাজ্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভই বেশি। আর সেই কারণেই বিজেপি উদ্বিগ্ন। গেরুয়া শিবিরের কেউ স্বীকার না করলেও দেশের মধ্যে একমাত্র এই রাজ্যেই নরেন্দ্র মোদি দলের একমাত্র মুখ নন। যোগীও নিজের স্বাক্ষর রেখেছেন। ২০১৭ এবং ২০২২, পরপর দু’বার তাঁর নেতৃত্বে বিজেপি উত্তরপ্রদেশে সরকার গঠন করেছে। অনেকে তো তাঁকেই পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে রেখেছেন। খুব স্বাভাবিকভাবেই আবার যখন ভোট দোরগোড়ায়, তখন যোগ্য ও সুশাসন প্রদানকারী মুখ্যমন্ত্রী হিসাবেই তিনিই পুনরায় ওই পদের যোগ্য প্রার্থী! পরপর দু’বার জয়ী এবং তুলনায় যুবাবয়সি, এরকম মুখ্যমন্ত্রীকে সামনে রেখেই নির্বাচনের ময়দানে লড়াই করতে নামা যে কোনো দলের জন্য স্বাভাবিক। সেটা প্রচার করাও কেন্দ্র অথবা রাজ্য বিজেপি নেতৃত্বের পক্ষে প্রত্যাশিত। কিন্তু যোগী সরকারের উপমুখ্যমন্ত্রী একথার সঙ্গে সহমত নন। বুধবার জৌনপুরে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, যোগী আদিত্যনাথকে সামনে রেখে এবং তাঁকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেই কি বিজেপি নির্বাচনে লড়াই করবে? জবাবে কেশব প্রসাদ মৌর্য বলেন, ‘আমাদের দলের নিয়ম হল, জয়ের পর বিধায়কদের বৈঠকে স্থির হয় কে হবেন মুখ্যমন্ত্রী। এখন যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী। যদি ভোটে তাঁকেই বিধায়করা নির্বাচিত করেন, তাহলে তিনিই হবেন।’ উপমুখ্যমন্ত্রীর মুখে এই মন্তব্য যে যোগীকে অসন্তুষ্ট করেছে, সেকথা তিনি গোপন করেননি। এদিনই আদিত্যনাথ বলেছেন, ‘আমাদের দলের সকল প্রার্থীই পদ্মফুল প্রতীকে লড়াই করি। ব্যক্তির থেকে দল বড়ো। তবে কে কোথায় দাঁড়িয়ে আছে, এটা সবাই জানে!’ প্রার্থী তালিকা ঘোষণার আগেই তিনি জানিয়ে দেন—আমি গোরক্ষপুর থেকে লড়েছি। গোরক্ষপুর থেকেই লড়ব! 
যোগী অদিত্যনাথের বয়স মাত্র ৫৪। ইতিমধ্যেই তিনি দু’বারের মুখ্যমন্ত্রী। তার আগে একটানা পাঁচবারের এমপি। দলে প্রভাব বাড়ছে। সংসদীয় রাজনীতিতে তাঁর অভিজ্ঞতা ও বায়োডেটা ঈর্ষণীয়। সেটাই কি তাঁর নিজের দলের কোনো কোনো মহলের কাছে অন্যতম চ্যালেঞ্জ?