নয়াদিল্লি: ব্যাংকগুলির ব্যালান্স শিট থেকে ‘মুছে’ যাচ্ছে বিপুল পরিমাণ অনাদায়ী ঋণ। প্রতি বছর। কয়েক লক্ষ কোটি টাকা করে। এহেন ‘রাইট-অফ’ প্রক্রিয়ার হালফিল গতিপ্রকৃতি কেমন? রিজার্ভ ব্যাংকের (আরবিআই) সাম্প্রতিক তথ্যই বলছে, অঙ্কটা পাহাড়প্রমাণ। মোদি জমানায় বিগত ১০ বছরে মোট ১৮ লক্ষ ৮ হাজার কোটি টাকার ঋণ মকুব করে দেওয়া হয়েছে। আর এক্ষেত্রে শীর্ষে রয়েছে খোদ সরকারি ব্যাংকগুলিই। মোট ঋণ মকুবের ৬৩ শতাংশই সরকারি ব্যাংকগুলির খাতায় নথিভুক্ত হয়েছে। মোদি সরকারের এই ‘খয়রাতি’র প্রবণতায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন আম আদমি। কারণ, তাঁদের গচ্ছিত কষ্টার্জিত অর্থেই ঋণ দেয় ব্যাংকগুলি। সাধারণ মানুষের একটু একটু করে জমানো এই টাকায় জড়িয়ে থাকে তাঁদের টুকরো টুকরো স্বপ্নও। অথচ, বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোকসিদের মতো ‘রাঘববোয়াল’ ঋণখেলাপিরা দেশ থেকে পালিয়ে নিশ্চিন্তে দিন কাটান বিদেশে। আর স্বপ্নভগ্ন হয় আম আদমির। সম্প্রতি বণিকসভার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদির ভাষণ দেশজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। তাঁর অভিযোগ, সরকার বিপুল করছাড় দিলেও কর্পোরেট দুনিয়া তার সুবিধা থেকে কর্মীদের বঞ্চিত করছে। আশানুরূপ বেতন বাড়ছে না। নতুন কর্মসংস্থানও তথৈবচ। সেই আবহেই উঠছে প্রশ্ন। কর্পোরেট দুনিয়ার অনাদায়ী ঋণ পুনরুদ্ধারে কেন উদাসীন মোদি সরকার? অন্তত আরবিআইয়ের তরফে প্রকাশিত তথ্যে সেই অভিযোগ ওঠাই স্বাভাবিক।
এ তো গেল ঋণ মকুবের বিপুল অঙ্কের পরিসংখ্যান। অনাদায়ী ঋণের কতটা ফেরত এসেছে ব্যাংকগুলিতে? ঋণখেলাপিদের কাছ থেকে টাকা পুনরুদ্ধারের ছবিটাও বা ঠিক কেমন? এক্ষেত্রেও চূড়ান্ত আশাহত করছে ব্যাংকগুলি। অন্তত বিগত পাঁচ বছরের তথ্য বলছে, ‘রাইট-অফ’ হওয়া ঋণের মাত্র ১৩ থেকে ১৫ শতাংশ টাকা ফের ব্যাংকের ঘরে ফেরানো সম্ভব হয়েছে। টাকার অঙ্কটা মাত্র ১ লক্ষ ৩২ হাজার কোটি।
তথ্যের অধিকার (আরটিআই) আইনে এক প্রশ্নের জবাবে সম্প্রতি আরবিআই জানিয়েছে, রাইট-অফ হওয়া অঙ্কের নিরিখে সবচেয়ে এগিয়ে সরকারি ব্যাংকগুলি। শীর্ষে রয়েছে স্টেট ব্যাংক (এসবিআই)। বিগত ১০ বছরে তাদের ব্যালান্স শিট থেকে ‘মোছা’ হয়েছে ৩ লক্ষ ৩ হাজার ১৬০ কোটি টাকা। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে পিএনবি (১ লক্ষ ৩১ হাজার ১৭০ কোটি), ব্যাংক অব বরোদা (১ লক্ষ ১৪ হাজার ৭০১ কোটি)।
তবে নিরাশার এই পরিসংখ্যানে সামান্য হলেও রয়েছে আশার আলো। আরবিআইয়ের তথ্য বলছে, ‘রাইট-অফ’-এর পরিমাণ অতি সম্প্রতি নিম্নমুখী হয়েছে। কতটা? ২০২৪ অর্থবর্ষে ‘মুছে’ ফেলা হয়েছিল ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার অনাদায়ী ঋণ। ২০২৫ সালে তা কমে হয় ১ লক্ষ ৫৭ হাজার কোটি টাকা। ২০২৬ সালে এই অঙ্কটা নেমে এসেছে ১ লক্ষ ৪৪ হাজার কোটিতে। পতনের হার ৮.২ শতাংশ।



