নয়াদিল্লি: পাসপোর্টের আবেদনে জন্মস্থান সংক্রান্ত তথ্যে অসঙ্গতি রয়েছে। সেই কারণেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক সৌরভ দাসকে শোকজ নোটিস পাঠিয়েছে বিদেশ মন্ত্রক। বুধবার মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, গত ২৩ নভেম্বর চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট দপ্তর (আরপিও) সৌরভকে শোকজ নোটিস পাঠিয়েছে। জন্মস্থান সংক্রান্ত তথ্যের বিষয়ে সাত দিনের মধ্যে তাঁকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। জয়সওয়াল আরও বলেন, কোনা পাসপোর্টের আবেদনে আবেদনকারীকে সঠিক তথ্য দিতে হয়। কোনো পর্যায়ে কর্তৃপক্ষের নজরে তথ্যের অসঙ্গতি বা তথ্য গোপনের বিষয়টি এলে সংশ্লিষ্ট আবেদনকারীকে শোকজ নোটিস পাঠানো হয়। এর মাধ্যমে তাঁকে নিজের বক্তব্য পেশের সুযোগ দেওয়া হয় বলেও জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র। উল্লেখ্য, সোমবার লন্ডনগামী বিমানে উঠতে বাধা দেওয়া হয় সৌরভকে। তাতে বেজায় ক্ষুব্ধ হন সিজেপি নেতা। তাঁর পালটা অভিযোগ, যুবসমাজকে ভয় দেখানো এবং তাঁকে হেনস্তা করার উদ্দেশ্যেই বিজেপি সরকার এই পদক্ষেপ করেছে। অন্যদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াধের আর্থিক কেন্দ্রে হামলার ঘটনায় আহত হয়েছেন দুই ভারতীয়। মঙ্গলবার হওয়া এই হামলার তীব্র নিন্দা করেছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই ধরনের হামলা সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করছে।



