কানের দুলের নতুন নকশা আনল কল্যাণ জুয়েলার্স
কানের দুলের নতুন নকশা আনল কল্যাণ জুয়েলার্স
একটু ভিন্ন ধরনের সাজ কি আপনার পছন্দ? ভিড়ের মাঝেও নিজেকে একেবারে আলাদা করে রাখতে চান সাজের মাধ্যমে? তাহলে ক্যান্ডেয়ার কালেকশন আপনারই জন্য। কল্যাণ জুয়েলার্সের এই কালেকশনে পাবেন কানের দুলের সম্ভার। এই সম্ভারে পাবেন ‘কাফ’ ডিজাইন। এই নকশায় একইসঙ্গে সৌন্দর্য ও সাহসের মেলবন্ধন ঘটেছে। একেবারেই ভিন্ন স্টাইল তাতে আবার হীরের ঝলক! ১৪ ও ১৮ ক্যারেট সোনায় সাজানো থাকবে হীরের এই দুল। চাঁদের মতো নকশা চাইলে সেটাও নিতে পারেন। বেশ কান জুড়ে থাকবে দুল। আবার চেন দিয়ে ঝোলানো স্টাইলটিও মন্দ নয়। এগুলো এতটাই স্লিক যে রোজকার পরার জন্য খুবই উপযুক্ত। একটু ওয়েস্টার্ন লুক চাইলে অ্যান্টলার ডায়ামন্ড ইয়ার কাফ ডিজাইনটা দেখতে পারেন। হরিণের শিংয়ের মতো বাঁকা নকশা। এই ডিজাইনটা একটু গোলাকার মুখে বেশি মানাবে। এই নকশা রোজ গোল্ডেও পাবেন। এছাড়াও আছে স্লিক ফ্যান্সি ডায়ামন্ড ইয়ার কাফ, ইউনিক নেচার ডায়ামন্ড ইয়ার কাফ সহ বিভিন্ন আধুনিক ডিজাইন। এই নকশায় কানের দুল বানালে তা যে কোনও পোশাকের সঙ্গে পরতে পারবেন। এটাও একটা সুবিধে। এই প্রসঙ্গে সংস্থার তরফে জানানো হয়, এখন মহিলারা বিভিন্ন রকম পোশাক পরেন। সেই মতোই গয়নার ডিজাইনেও নতুনত্ব আনতে হয়। আর এই কাফ ডিজাইনটি একই সঙ্গে ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’।
বি-কাফেতে শুরু ‘ইন দ্য নেম অব গড’
ব্রাইন্ডিং কালচার অ্যান্ড আর্টস ফাউন্ডেশন (বি-কাফ) ও ললিতকলা অ্যাকাডেমির যৌথ উদ্যোগে শুরু হল একটি প্রিন্ট আর্ট প্রদর্শনী। ‘ইন দ্য নেম অব গড’ শীর্ষক এই প্রদর্শনীটি চলবে আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। রাজ্যের ২৩ জন প্রিন্টমেকারের শিল্পকর্ম নিয়ে আয়োজিত হয়েছে এই প্রদর্শনী। উদ্বোধনে হাজির ছিলেন মাল্টিউইন গ্রুপের ডিরেক্টর মুনিশ ঝাঝারিয়া, ললিতকলা অ্যাকাডেমির রিজিওনাল সেক্রেটারি ডঃ আর কে মোহান্তি, কবি কওসর জামাল প্রমুখ। প্রদর্শনীটির তত্ত্বাবধায়ক পরাগ রায়। এই প্রসঙ্গে বি-কাফ-এর ডিরেক্টর রীনা দেওয়ান জানান, ‘সংস্কৃতি সংক্রান্ত যে কোনও বিষয়ে বি-কাফ অগ্রণী ভূমিকা নেয়। আর্ট ও ছবির মাধ্যমে সমাজের বিভিন্ন দিক নিয়ে ছাপ রেখে যাওয়া যায়। আমাদের সবক’টি প্রদর্শনীই সেই বার্তা দেয়।’ প্রদর্শনীটি সেজে উঠেছে অভিজিৎ মুখোপাধ্যায়, অতীন বসাক, বিনীতা বন্দ্যোপাধ্যায়, দশরথ দাস, দেবজ্যোতি ধারা, দিলীপ কুমার শাসমল সহ ২৩ জন শিল্পীর শিল্পকর্মে।
অ্যাকাডেমি অব ফাইন আর্টসে একক প্রদর্শনী
অ্যাকাডেমি অব ফাইন আর্টস-এর ওয়েস্ট ও নিউ সাউথ গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী রণদীপ দাসের একক প্রদর্শনী। চলবে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত। কলকাতার শিল্পী রণদীপ শিল্পমহলে বেশ জনপ্রিয় নাম। সারা দেশ জুড়েই একক ও গ্রুপ প্রদর্শনীতে বহু কাজে ধরা পড়েছে তাঁর ইজেলের টান। বিদেশেও তিনি পৌঁছেছেন শিল্পের প্রদর্শনী নিয়ে। রণদীপের সাম্প্রতিক সিরিজ ‘কলোনি’। মানবজীবনের দিনযাপনের নানা রং-রূপ ধরা পড়ে কলোনির জীবনে। বৈষম্যের দ্বন্দ্ব যেমন থাকে, তেমনই থাকে স্বার্থ নিরপেক্ষতা। শিল্পীর রঙে রেখায় নিজেদের জীবনের গল্প যেন খুঁজে পাবেন আগ্রহী দর্শক। রণদীপের বিমূর্ত শিল্পে কলোনি শিল্পের সেই দিকগুলিই উঠে এসেছে। প্রদর্শনীটি খোলা থাকবে বেলা ১২টা থেকে রাত ৮টা অবধি।