সংবাদদাতা, কল্যাণী: অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের এক নেতার বাড়িতে ঢুকে তাণ্ডব, লুটপাট ও তাঁর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, তাঁদের দুই নাবালিকা কন্যা সন্তানের উপরেও শারীরিক নির্যাতন হয়েছে বলে অভিযোগ। বুধবার রাতে চাকদহ থানা এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, মুখে কাপড় বাঁধা কয়েকজন দুষ্কৃতী দরজা ভেঙে বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। এরপর মতুয়া সংগঠনের ওই নেতার হাত মুচড়ে ধরে মাথায় পিস্তল ঠেকিয়ে নগদ টাকা ও সোনার গয়না লুট করে। অন্যদিকে, তাঁর স্ত্রীর অভিযোগ, তাঁকে মাটিতে ফেলে পোশাক খুলে ধর্ষণ করা হয়। তাঁদের আট ও ছয় বছরের দুই নাবালিকা মেয়েকেও যৌন নির্যাতন করা হয়। এমনকি তাঁদের গোপনাঙ্গে আঘাত করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে পরিবারের পক্ষ থেকে। যাওয়ার সময় পুলিশকে জানালে পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি দেয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে। ওই ব্যক্তির দাবি, শত্রুতার জেরেই এই হামলা। গত কয়েক দিন ধরে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। সকলের মুখে কাপড় বাঁধা ছিল। তাদের চেনা যায়নি। তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। বাড়ির দরজা এবং জানালার কাচ ভাঙচুর করা হয়। নগদ টাকা, আলমারি ভেঙে সোনার গয়না এবং মতুয়া নেতার স্ত্রী’র গা থেকে সমস্ত অলংকার খুলে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। মতুয়া মহাসংঘের ওই নেতা বলেন, ‘গত কয়েকদিন ধরে একজন আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছিল। ভয় দেখাচ্ছিল। পুলিশের কাছে তার নাম বলেছি।’ এদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ।



