নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির প্রতিবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা কাজ বন্ধ করে দিলেন। ঘটনাটি ঘটেছে জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের পাটরা গ্রামে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ওই গ্রামের মূল রাস্তা চার কোটি টাকা খরচ করে তৈরির কাজ চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাটির উপরে পিচের আস্তরণ ঢেলে রাস্তা তৈরি হচ্ছে। একবার বৃষ্টিতে ওই পিচ উঠে যাবে। বারাসতের এক ঠিকাদার সংস্থা রাস্তা তৈরি করছে। বারবার শিডিউল দেখতে চাইলেও, যারা কাজ করছে তারা সিডিউল দেখাতে পারেনি। তাই এলাকার মানুষ তীব্র ক্ষোভ জানান। ঘটনার খবর পেয়ে ওই গ্রামে চলে আসেন বিজেপির স্থানীয় নেতৃত্ব। তাঁদের অভিযোগ, তৃণমূল আমলে আগে এই ধরনের রাস্তা তৈরি করে টাকা কামানো প্রধান লক্ষ্য ছিল। এখন তা আর হবে না। যেভাবে রাস্তা তৈরি হচ্ছে, তা বেশিদিন টিকবে না। স্থানীয় এক মহিলা বলেন, ১৫ বছর বিয়ে হয়ে আমি এসেছি। এই প্রথম রাস্তাটি মেরামত করা হচ্ছে। কিন্তু সঠিক নিয়ম মেনে হচ্ছে না। বিষয়টি জানানো হয় স্থানীয় বিধায়ক রাজেশ কুমারকে। তিনি স্থানীয় বাসিন্দাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।



