ট্রেনের কামরায় আগুন! পুড়ে ছাই একাধিক সিট, আতঙ্কিত যাত্রীরা
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০০:১১
Prefer us on Google

সংবাদদাতা,কাটোয়া: কাটোয়া স্টেশনে আবার ট্রেনের কামরা অগ্নিকাণ্ড। আজ, বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ বর্ধমান-কাটোয়া লোকাল ট্রেনটির ভেন্ডর কামরায় আচমকাই আগুন লাগে। তড়িঘড়ি অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। প্রায় তিরিশ মিনিটের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। তবে ততক্ষণে কামরার ভিতরে বেশ কয়েকটি সিট পুড়ে ছাই হয়ে যায়। যদিও সেই সময় ট্রেনটিতে কোনো যাত্রী ছিলেন না। খবর পেয়ে অকুস্থলে কাটোয়া রেল স্টেশনের অফিসার ও ইঞ্জিনিয়াররা আসেন। তাঁরা বিষয়টি খুঁটিয়ে দেখেন। তবে কিভাবে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই ঘটনায় স্টেশন ম্যানেজার সুপ্রভাত ভট্টাচার্য বলেন, কীভাবে আগুন লাগল তা আমরা জানি না। তবে আগুন আগুন আয়ত্তে এসেছে। কোনোরকম ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে আগুন লাগার দৃশ্য দেখে স্টেশনে থাকা বহু যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা স্টেশনের মধ্যেই ছোটাছুটি শুরু করেন।  

Advertisement

প্রসঙ্গত, চলতি বছরেই ফেব্রুয়ারি মাসে কাটোয়া স্টেশনে একটি ট্রেনের কামরায় আগুন লেগেছিল। গোটা কামরা আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছিল। সেই ঘটনার তদন্ত এখনও শেষ হয়নি। তার প্রায় ৯  মাস পরে আবার ট্রেনের কামরার ভিতরে আগুন লাগল! বারবার কেন এমন ঘটছে তা নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তিত রেলপুলিশও। ট্রেনের যাত্রী সুরক্ষা নিয়েও উঠেছে প্রশ্ন।