সিপিএম-বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি, গার্গী চট্টোপাধ্যায়কে হেনস্তার অভিযোগ
  • ২৬ নভেম্বর, ২০২৬ ১৭:৪৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় গঙ্গার ঘাটে, গঙ্গা আরতির আয়োজন করেছিলেন নোয়াপাড়ার বিধায়ক তথা মন্ত্রী অর্জুন সিং। সেই গঙ্গা আরতিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই গঙ্গা আরতিতে রাজ্য সরকার ৫৫ লক্ষ টাকা বরাদ্দ করেছে। তারমধ্যে ১৫ লক্ষ টাকা কাটমানি বিজেপি নেতারা খেয়েছেন বলে অভিযোগ করেন সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়! এরপরই আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপি নেতা রানা বোসের নেতৃত্বে একদল কর্মী সমর্থক ইছাপুরের বাদামতলা সিপিএম পার্টি অফিসে গার্গী চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখান। পাশাপাশি তাঁর কাছে জানতে চান যে তিনি কিসের ভিত্তিতে এই অভিযোগ করেছেন। বিজেপি কর্মীদের সঙ্গে সিপিএম কর্মীদের হাতাহাতি-মারামারিও হয় বলে অভিযোগ। এমনকী গার্গী চট্টোপাধ্যায়কেও হেনস্তার অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। বেশ কিছুক্ষণ তর্কাতর্কি এবং মারামারি হওয়ার পর বিজেপি নেতা-কর্মীরা সিপিএম পার্টি অফিস তালা মেরে দেন।

Advertisement

এই ঘটনায় সিপিএম নেত্রী গার্গীর অভিযোগ, বিজেপির বিরুদ্ধে বা অর্জুন সিংয়ের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। তাহলেই হামলা হবে। বিজেপি নেতা-কর্মীদের হামলায় তাপসী ভাঙ্গর নামে এক মহিলাও গুরুতর জখম হয়েছেন। পার্টি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি ইতিমধ্যেই নোয়াপাড়া থানায় জানিয়ে অভিযোগ দায়ের করেছি। তবে জানি না পুলিশ কি করবে।