আলিপুর‑শিয়ালদহ কোর্টে পানীয় জলের সংকট
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিপুর ও শিয়ালদহ আদালতে পানীয় জলের তীব্র সংকট। গলা শুকিয়ে গেলেও তৃষ্ণা মেটানোর জলটুকু পান না বিচারপ্রার্থীরা। স্বভাবতই তাঁরা ক্ষুব্ধ। তাঁদের কথায়, মামলার স্বার্থে মাঝেমধ্যেই কোর্টে আসতে হয়। অথচ এই দুই আদালতে পানীয় জল সহ বিভিন্ন পরিষেবা মেলে না। ফলে বাধ্য হয়ে বোতলবন্দি জল কিনেই খেতে হয়। এ নিয়ে হেলদোল নেই প্রশাসনের। আলিপুর আদালতের আইনজীবী মল্লিকা ওঝা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই আদালতে প্রতিদিন দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও কলকাতা পুলিশের একাধিক মামলা ওঠে। সেই সূত্রে প্রতিদিন বহু মানুষ আসেন। এখানে শীত-গ্রীষ্ম সব সময়েই পানীয় জলের সমস্যা। এনিয়ে বহুবার আলোচনা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।’ কয়েকজন বিচারপ্রার্থী বলেন, ‘এত বড়ো আদালত, অথচ এখানে পানীয় জল, পর্যাপ্ত বসার জায়গা, কিছুই নেই।’ 

Advertisement