নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বামীকে বিপাকে ফেলতে গিয়ে বিপদে পড়লেন স্ত্রী নিজে। একটি বহুজাতিক সংস্থায় চাকরি করা সত্ত্বেও তথ্য গোপন করে স্বামীর কাছে খোরপোশ দাবি করে মামলা করেছিলেন মহিলা। মামলা চলাকালীন বিচারপতি জানতে পারেন স্বামীর থেকে বেশি টাকা উপার্জন করেন স্ত্রী। তারপর খোরপোশ তো দূরের কথা, তথ্য গোপন করার জন্য মহিলাকে জরিমানা করল আদালত। বুধবার বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের রায়, স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা বি-টেক এবং এমসিএ। ফলে তাঁর আইনজীবীর তরফে জমা করা হলফনামায় কী লেখা রয়েছে, তা না জানার কথা নয় তরুণীর। তিনি ইচ্ছাকৃতভাবে নিজের প্রকৃত আয় গোপন করেছেন। কোর্টকে বিভ্রান্ত করার জন্য তাঁকে ২০ হাজার টাকা জরিমানা দিতে হবে।



