নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ইনভেস্টমেন্ট ফ্রড বা বিনিয়োগ প্রতারণার ফাঁদে পা দিয়ে ৫১ লক্ষ টাকা বিনিয়োগ করে ফেলেছিলেন সল্টলেকের এক বৃদ্ধ। সেই টাকার রিটার্ন সহ ভুয়ো ব্যালেন্স দেখানো হয়েছিল ৫ কোটির কাছাকাছি। কিন্তু, টাকা তুলতে গিয়ে এক টাকাও পাননি। তখন বুঝতে পারেন, প্রতারকদের খপ্পরে পড়েছেন। ওই ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার এক অভিযুক্তকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সংকল্প দুবে। তাঁর বাড়ি বালির বেলুড় রোডে। ধৃতকে জেরা করে এই ঘটনায় যুক্ত বাকিদের খোঁজ চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সল্টলেকের ওই বৃদ্ধের বয়স ৭৮ বছর। তিনি এইচ এ ব্লকে থাকেন। অপরিচিত অনলাইন প্ল্যাটফর্মে তিনি প্রতারকদের খপ্পরে পড়েন। প্রতারকরা তাঁকে শেয়ার বাজারে বিনিয়োগ করে নানা ধরনের রিটার্নের টোপ দেয়। সেই টোপ গিলে প্রথমে তিনি অল্প বিনিয়োগ করেন। প্রতারকরা তাঁকে একটি ভুয়ো ইন্টারফেস দেখায়। যেখানে তাঁর বিনিয়োগ করা অর্থ রিটার্ন সহ কত বাড়ছে, সেটাই দেখানো হচ্ছিল। সেই চক্করে পড়ে তিনি কয়েক দফায় মোট ৫১ লক্ষ ৬৫ হাজার ৮৭১ টাকা বিনিয়োগ করে ফেলেন। প্রতারকদের ইন্টারফেসে রিটার্ন সহ তার ভুয়ো ব্যালেন্স দেখানো হয়, ৪ কোটি ৭৬ লক্ষ ৫৭ হাজার ৯৫১ টাকা। সেই টাকা তিনি যখন তুলতে যান, তখন প্রতারকরা নানা ট্যাক্সের কথা বলে তাঁর কাছে আরও টাকা চায়। শেষ পর্যন্ত তিনি কোনও টাকাই তুলতে পারেননি। তারপরই বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। গত ১০ ফেব্রুয়ারি তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। ওই ঘটনার তদন্তে পুলিশ বালির যুবককে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, বাকিদেরও গ্রেপ্তার করা হবে।



