মেডিকেলে হামলায় কারা? মিছিলের আগে ভিডিয়ো দেখিয়ে সোচ্চার বামপন্থী পড়ুয়ারা
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা মেডিকেল কলেজে ১৮ তারিখ রাতে কারা হামলা চালিয়েছিল? মেডিকেল কলেজের ছাত্র সংসদের অভিযোগের তির আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপির দিকেই। ঘটনার ঠিক এক সপ্তাহর মাথায় ভিডিয়ো প্রকাশ করে বামপন্থী পড়ুয়ারা অভিযোগ আনলেন চার এবিভিপি নেতার বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, এক সপ্তাহ কেটে গেলেও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। উলটে তিনজন ইন্টার্নকে তলব করেছে বউবাজার থানা। সেই চিঠি পাওয়ার পর আজ, বৃহস্পতিবার বউবাজার থানা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন পড়ুয়ারা। এদিকে, পাল্টা আন্দোলনরত বামপন্থী অতিবামপন্থীদের দেশবিরোধী সংগঠনের সঙ্গে যোগ রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন রাষ্ট্রবাদী চিকিৎসকরা।

Advertisement

যে চার এবিভিপি নেতার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাঁদের মধ্যে একজন নীলরতন সরকার মেডিকেল কলেজের ফাইনাল বর্ষের পড়ুয়া সৌভিক রায়। তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার এক সিনিয়রের আত্মীয় মেডিকেল কলেজে ভরতি ছিলেন। আমি তাঁকে দেখতে মেডিকেল কলেজে যাই। আচমকা দেখি, ঝামেলা হচ্ছে। তাই সেদিকে গিয়েছিলাম।’ কিন্তু মেডিকেল কলেজ ছাত্র সংসদের বক্তব্য, ছবি-ভিডিয়োতে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের পুলিশ গ্রেপ্তার করছে না। তার বদলে সাধারণ পড়ুয়াদের উপর মিথ্যা মামলা চাপিয়ে দেওয়া হচ্ছে। তাই বৃহস্পতিবারের মিছিলে সবাইকে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা।
আজ কলকাতা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে দুপুর ২.৩০টা নাগাদ জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সেখানে সমস্ত ছাত্রছাত্রী, জুনিয়র ও সিনিয়র চিকিত্সকরাও যোগ দেবেন বলে খবর। সেখান থেকে তাঁরা মিছিল করে তিন অভিযুক্ত ইন্টার্নের সঙ্গে বউবাজার থানায় যাবেন। ওই তিনজন আজ পুলিশের নির্দেশমতো থানায় হাজিরা দেবেন। চিকিত্সক পূণ্যব্রত গুন এক ভিডিয়ো বার্তায় বলেছেন, ‘অভয়া মঞ্চ ও জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স সবাইকে আহ্বান করছে মেডিকেল কলেজের ছাত্রদের পাশে থাকার জন্য।’ এছাড়া, বিভিন্ন বাম ছাত্র সংগঠনগুলিও এই মিছিলে যোগ দেবে বলে খবর।
এদিকে, আজ রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ক্যাম্পাসে ‘সংবিধান দিবস’ পালন করবে রাষ্ট্রবাদী চিকিৎসক সংগঠন ‘ন্যাশনাল মেডিকোজ অর্গানাইজেশন’ (এনএমও)। চিকিৎসক‌ ও ছাত্র হিসাবে নাগরিক কর্তব্য পালনের সংকল্প নেবেন এনএমও সদস্যরা। সংগঠনের তরফে একথা জানিয়ে বলা হয়েছে, গুরু-শিষ্য পরম্পরা, স্বাস্থ্য পরিষেবা, নারী সম্মান ও পরিবেশ সংরক্ষণে নিজেদের কর্তব্য পালনের সংকল্প করবেন তাঁরা। সেই সঙ্গে তাঁরা মেডিকেল কলেজে শিক্ষক ও ছাত্রদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালোবাসার সম্পর্ক উদযাপন করবেন।