রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু চিকিৎসকের, চাঞ্চল্য
  • ২৬ নভেম্বর, ২০২৬ ১৪:১৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা। কল্যানী এক্সপ্রেসওয়েতে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক চিকিৎসকের। মৃতের নাম, সুকুমার দাস (৬৫)। নিমতা থানার কালীবাড়ি মোড়ের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। 

Advertisement

জানা গিয়েছে, প্রতিদিনের মতো আজ সকালেও প্রায় ১০টা নাগাদ নিজের চেম্বারে যাচ্ছিলেন ওই হোমিয়োপ্যাথিক চিকিৎসক। ঠিক সেই সময় পিছন থেকে আসা বেপরোয়া একটি গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চিকিৎসকের। এলাকাবাসীর অভিযোগ, চালকের বেপরোয়া মনোভাবের কারণেই এই  দুর্ঘটনাটি ঘটেছে। ক্ষুব্ধ এলাকাবাসী বেপরোয়া যান চলাচল নিয়ে সরব হন। সেইসঙ্গে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। কল্যাণী এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে অবরোধকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়। প্রায় ঘন্টা খানেক অবরোধ চলে। এরপরে নিমতা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি নিয়ে বিক্ষোভকারীদের তাড়াও করে। শেষমেষ পুলিশ দ্রুত পদক্ষেপের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলের রাস্তা খারাপ। বড় বড় ডাম্পার ও লরি চলাচল করছে এই রাস্তা দিয়েই। বেপরোয়া চালকরা খারাপ রাস্তা দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছেন। সেই কারণেই দুর্ঘটনাটি ঘটছে।