সীতাকুণ্ডু স্কুলে পড়া ধরলেন বারুইপুরের বিডিও, ইংরাজি বানান শেখানোর পরামর্শ
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: সীতাকুণ্ডু জুনিয়র বেসিক স্কুলের শ্রেণিকক্ষে গিয়ে বারুইপুরের বিডিও রীতিমতো পড়া ধরলেন। ছাত্র-ছাত্রীরা ইংরেজি বানান ভুল বলছিল। তা দেখে শিক্ষিকাকে বানান মুখস্থ করানোর পরামর্শও দিলেন। তারপর রান্নাঘরে ঢুকে রীতিমতো ক্ষুব্ধ। মিড ডে মিল রান্নার কিচেনের ও স্টোর রুমের অবস্থা দেখে ক্ষোভ ব্যক্ত করলেন তিনি। সবমিলিয়ে বিডিও যাওয়ায় সীতাকুণ্ডু স্কুলে ভালোরকম চাঞ্চল্য।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে স্কুলে ভিবি জিরামজি প্রকল্পে নয়া ক্লাসরুম নির্মাণের কাজ শুরু হয়েছে। কাজ ঠিক মত হচ্ছে কি না দেখতে স্কুলে গিয়েছিলেন বিডিও পর্ণা দে। তারপর আচমকাই ক্লাসরুমে ঢুকে পড়েন। তাঁকে শিক্ষিকার ভূমিকায় দেখে তাজ্জব অনেকেই। তারপর ছাত্র-ছাত্রীদের পড়া ধরেন। শুধু তাই নয়, তারা স্কুলে ঠিক মত উপস্থিত থাকছে কি না সে বিষয়ে খোঁজ নেন। এরপর মিড ডে মিলের ঘরে রাঁধুনিদের পায়ে জুতো দেখে ক্ষোভপ্রকাশ করেন। ক্লাসরুমের সঙ্গেই রয়েছে স্টোররুম। তা দেখে প্রধানশিক্ষিকাকে বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়ে জানান, একমাস পর আবার আসবেন। 
এই বিষয়টি নিয়ে বিডিও বলেছেন, ‘ব্লকে ভিবি জিরামজি প্রকল্পে স্কুলের অতিরিক্ত ক্লাসরুম নির্মাণ হচ্ছে অন্যান্য কাজের সঙ্গেই। ভালো কাজ হচ্ছে। তবে এর পাশাপাশি রুটিন মাফিক মিড ডে মিলের রান্না কেমন হচ্ছে সেই বিষয়টি খতিয়ে দেখলাম ও পড়ুয়াদের ঠিকমত পড়া হচ্ছে কি না খোঁজ নিলাম।’