নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরিবারের লোকজনকে কিছু না জানিয়ে মুম্বই থেকে এক মহিলা পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে ‘পুশব্যাক’ করার অভিযোগ উঠল। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের ওই বাসিন্দার নাম সাহিদা ফকির। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও সিআইডি অনুপ্রবেশকারী সন্দেহে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহিলার স্বামী। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি আর্যক দত্তের ডিভিশন বেঞ্চে দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার হলফনামা জমা দিয়েছে রাজ্য, কেন্দ্র ও মুম্বই পুলিশ। ১০ দিনের মধ্যে আবেদনকারীকে তাঁদের নথিপত্র সহ পালটা হলফনামা জমা দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, পুলিশের যাচাইয়ে পদ্ধতিগত ত্রুটি হতে পারে। তার মানেই ওই মহিলা ভারতীয় নাগরিক নন, তা বলা সম্ভব নয়। পরিবারের আইনজীবী জানান, গত ১৯ জুলাই সাহিদাকে আটক করে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। পরিবারের পক্ষ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, নথিপত্র খতিয়ে দেখার পর তাঁকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু পরে তাঁরা জানতে পারেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই ২৩ জুলাই সাহিদাকে বাংলাদেশে ‘ডিপোর্ট’ করা হয়েছে। রাজ্য সরকারের বক্তব্য, মুম্বই পুলিশ এব্যাপারে তাদের এখনো কিছু জানায়নি। আদালত অবশ্য জানিয়েছে, নথিপত্র যাচাইয়ের পর তিনি অনুপ্রবেশকারী নন বলে প্রমাণিত হলে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হবে।



