গার্ডেনরিচ ধর্ষণ: অভিযুক্ত চুন্নুর আগাম জামিনের আবেদন খারিজ
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৫ সালে গার্ডেনরিচ থানা এলাকায় এক যুবতীকে মাদক মিশ্রিত পানীয় খাইয়ে বেহুঁস করে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই মামলায় অভিযুক্ত হিসাবে নাম উঠে আসে তিলজলার বাসিন্দা ‘বহু চর্চিত’ চুন্নু মিঞা ওরফে মহম্মদ তসলিমের। বৃহস্পতিবার আলিপুরের জেলা আদালত অভিযুক্ত চুন্নুর আগাম জামিনের আবেদন নাকচ করে দিল। সরকারি কৌঁসুলি কৈলাস তমালি অভিযুক্তের আগাম জামিনের জোরালো আপত্তি জানান। তিনি বলেন, ‘মামলার তদন্ত চলছে। ধৃতকে হেপাজতে নিয়ে জেরা করার দরকার আছে। পুলিশ তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে।’ অন্যদিকে, অভিযুক্তের কৌঁসুলি তীর্থঙ্কর রায় বলেন, ‘আমার মক্কেলের আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হোক। তিনি এই মামলার তদন্তে পুলিশকে সবরকমভাবে সহযোগিতা করবেন।’ তাঁর মক্কেলকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলেও আদালতে দাবি করেন ওই আইনজীবী। বিচারক মামলার কেস‑ডায়েরি ও অন্যান্য নথিপত্র খতিয়ে দেখে অভিযুক্তের আগাম জামিনের আবেদন নাকচ করে দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র ধর্ষণ নয়, অচৈতন্য অবস্থায় অভিযোগকারিণীর আপত্তিকর ছবি তোলার অভিযোগও রয়েছে। এমনকি, সেসব ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে নানাভাবে ব্ল্যাকমেলের চেষ্টা চালাচ্ছিলেন অভিযুক্ত। এরপরই ওই যুবতী গার্ডেনরিচ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করলেও অভিযুক্ত ‘অধরা’ থেকে যায়। সরকারি কৌঁসুলি জানান, অভিযোগকারিণী ইতিমধ্যে আলিপুরের একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের (জেএম) কাছে ‘গোপন জবানবন্দি’ পেশ করেছেন। এবার মামলার তদন্তে গতি আসবে বলে মনে করছেন তদন্তকারীরা।

Advertisement