Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

আম দিয়ে যায় চেনা

পদটির স্বাদ নোনতা হোক বা মিষ্টি, উপকরণের ধরন যেমনই হোক, এক জায়গায় এই তিনটি পদেরই ভীষণ মিল। সবগুলোই আম দিয়ে তৈরি। কাঁচা ও পাকা দুই ধরনের আম ব্যবহার করে ঘরোয়া উপায়ে পদগুলো বানিয়ে ফেলতে পারেন আপনিও।

আম দিয়ে যায় চেনা
  • ২৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্রীখণ্ড

Advertisement

উপকরণ: টক দই ৫০০ গ্রাম, চিনি ১০০ গ্রাম, কনডেন্সড মিল্ক ১০০ গ্রাম, কেশর, কাজুবাদাম কুচি সামান্য, কিশমিশ কুচি সামান্য, ১টি পাকা আমের পাল্প।

প্রণালী: প্রথমে টক দইয়ের জল ঝরিয়ে নিন। তা একটি বাটিতে নিয়ে তার মধ্যে একে একে চিনি ও কনডেন্সড মিল্ক মেশান। এবার কাঁটা চামচ দিয়ে দই ভালো করে ফেটিয়ে নিন, যাতে সব একসঙ্গে গুলে যায়। এরপর এই মিশ্রণে পাকা আমের পাল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সব শেষে সামান্য কেশর, কাজুবাদাম কুচি ও কিশমিশ কুচি দিয়ে সাজিয়ে দিন। উপর থেকে সামান্য কেশর ও কাজুবাদাম ছড়িয়ে নিলেই তৈরি আম শ্রীখণ্ড।

কেশর প্যাঁড়া

উপকরণ: পনির ২০০ গ্রাম, লিকুইড দুধ ২ কাপ, গুঁড়ো দুধ ১ কাপ, চিনি ১ টেবিল চামচ, পাকা আমের পাল্প ১টি, কনডেন্সড মিল্ক ১ কাপ, এলাচ গুঁড়ো ১ চামচ, ঘি ১ টেবিল চামচ, কেশর সামান্য।

প্রণালী: প্রথমে পনির ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এবার একটি মিক্সিং জারে টুকরো করা পনির নিয়ে তাতে ১ কাপ গুঁড়ো দুধ, ২ কাপ লিকুইড দুধ, পাকা আমের পাল্প, চিনি ও কনডেন্সড মিল্ক দিয়ে মিক্স নিতে হবে। এবার কড়াইতে ১ টেবিল চামচ ঘি গরম করে তাতে পনিরের মিশ্রণ দিয়ে ভালো ভাবে পাক দিয়ে নিতে হবে। কড়া পাক দেবেন। এবারে তার মধ্যে ১ চামচ এলাচ গুঁড়ো ও সামান্য কেশর দিয়ে মিশিয়ে কড়াই থেকে ছেড়ে আসা পর্যন্ত নাড়তে হবে। তারপর প্লেটে নামিয়ে ঠান্ডা করতে হবে। হাতে ঘি মাখিয়ে নিয়ে অল্প করে মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে গোল করে নিয়ে মাঝখানটা চেপে দিয়ে প্লেটে সাজিয়ে উপর থেকে কেশর ছড়িয়ে নিলেই তৈরি আম কেশর প্যাঁড়া।

পদ্মলুচি

উপকরণ: সয়াবিন ২০০ গ্রাম, কাঁচা আমের রস  কাপ, আদা বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, শুকনো লংকা গুঁড়ো ১ চা চামচ, চাটমশলা ১ চা চামচ, ধনেপাতা কুচি সামান্য, নুন স্বাদমতো, চিনি পরিমাণ মতো, ময়দা ২ কাপ, কসুরি মেথি সামান্য, সাদা তেল।

প্রণালী: প্রথমে নুন দেওয়া গরম জলে সয়াবিন সেদ্ধ করে নিন। তারপর তা ঠান্ডা হতে দিন। এবার তা মেখে নিতে হবে। এরপর কড়াইতে ২ টেবিল চামচ সাদা তেল গরম করে তাতে কসুরি মেথি ফোড়ন দিন। মেখে নেওয়া সয়াবিন দিয়ে নাড়াচাড়া করুন। সয়াবিন কষতে কষতেই এবার একে একে আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লংকা গুঁড়ো, চাটমশলা দিয়ে মেখে নিন। এরপর তাতে পরিমাণমতো নুন, চিনি ও কাঁচা আমের রস দিয়ে ভালো করে মিশিয়ে উপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। একটি বাটিতে ময়দা, পরিমাণমতো নুন, চিনি ও সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তা থেকে লেচি কেটে লুচির মতো বেলে নিন। তার মধ্যে সয়াবিনের পুর ভরে উপর থেকে আরেকটি ময়দার লুচি দিয়ে চারদিক ভালো করে চেপে বন্ধ করুন। ধারগুলো ফুলের পাপড়ির মতো করে মুড়ে নিন। এরপর  কড়াইতে সাদা তেল গরম করে তা ভেজে নিলেই তৈরি আম সয়াবিনের পদ্মলুচি।

অনুরাগ দাস

 

Advertisement
সম্পর্কিত সংবাদ