স্যুপের বিভিন্ন ধরন। আমিষ নিরামিষ দু’টি ধরনই পাবেন এই খাবারে। তবে নিরামিষ স্যুপ যদি একটু মুখরোচক করে রান্না করতে চান তাহলে কেসারিয়া জংশনের সহজ দু’টি রেসিপি ট্রাই করতে পারেন। মোটামুটি হাজার বছর তো বটেই, কেউ বা বলে তারও আগে থেকে নাকি স্যুপ খাওয়ার প্রচলন শুরু হয়। না, সেই সময় এতো সাজিয়েগুছিয়ে নিত্যনতুন উপকরণ ও প্রণালী সহযোগে তা রাঁধা হতো না। আগুন আবিষ্কারের পর থেকেই শুরু হয় ঝলসানো মাংস খাওয়ার চল। কিন্তু তারপর মানুষ সেই মাংসই জলে ফুটিয়ে খেতে শুরু করল। শুরু হল ঝোল সহ মাংস খাওয়ার ঝোঁক। এইভাবেই ঝোল সহ মাংস থেকেই আধুনিক স্যুপ জনপ্রিয় হয়ে ওঠে। তবে সে এক লম্বা পথ। নিউটাউনের কেসারিয়া জংশন রেস্তরাঁয় পাবেন নানা স্বাদের উপাদেয় স্যুপ। তার থেকেই দুটি নিরামিষ স্যুপের রেসিপি জানালেন রেস্তরাঁর এগজিকিউটিভ শেফ।
লেমন কোরিয়েন্ডার স্যুপ
উপকরণ: চাইনিজ ক্যাবেজ ১৫-২০ গ্রাম, ব্রকোলি ২০-২৫ গ্রাম, ধনেপাতা কুচি ২০ গ্রাম, গাজর ও বিন গ্রেট করা ১০ গ্রাম, লেবুটা, অল স্পাইস ১০ গ্রাম, আদা গ্রেট করা অল্প, নুন, গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো, ভেজিটেবল স্টক ১ কাপ, তেল সামান্য।
প্রণালী: সব সব্জি একসঙ্গে ধুয়ে শুকনো করে নিন। একটা কড়াইতে অল্প তেল গরম করুন। তাতে আদা ফোড়ন দিন। আদার সুগন্ধ বেরলে সব্জি দিয়ে নাড়তে থাকুন। একটু ভাজা ভাজা হলে তুলে নিন। এবার ভেজ স্টকটা তাতে মিশিয়ে নিন। তার সঙ্গে পরিমাণ মতো জল মেশান। নুন ও মরিচ, অল স্পাইস দিয়ে নেড়ে নিন। এরপর ঢিমে আঁচে স্যুপটা ফুটতে দিন। অর্ধেকটা লেবুর রস করে নিন। উপর থেকে সেই রস ঢেলে দিন। আঁচ সামান্য বাড়িয়ে দিন। স্যুপ ফুটতে শুরু করবে। উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন লেমন কোরিয়েন্ডার স্যুপ।
মাঞ্চাও স্যুপ
উপকরণ: বাঁধাকপি কুচিয়ে কাটা ১০ গ্রাম, গাজর কুচি ১০ গ্রাম, ব্রকোলি টুকরো করে কাটা ৫ গ্রাম, টম্যাটো কুচি ৫ গ্রাম, ধনেপাতা কুচি ১৫ গ্রাম, আদা কুচি ৩ গ্রাম, রসুন কুচি ৩ গ্রাম, লেবু টা, অল স্পাইস ১০ গ্রাম, সয়া স্যস সামান্য, নুন ও গোলমরিচ স্বাদ মতো, ভেজ স্টক ১ কাপ, তেল অল্প, ভেজে নেওয়া নুডুলস সাজানোর জন্য পরিমাণ মতো।
প্রণালী: সব সব্জি মিহি করে কুচিয়ে কেটে নিন। এবার তা ধুয়ে শুকিয়ে রেখে দিন। একটা কড়াইতে তেল গরম করে আদা, রসুন ফোড়ন দিন। ফোড়নের সুগন্ধ উঠলে সব্জিগুলো দিয়ে নাড়তে থাকুন। বেশ একটু ভাজা ভাজা হলে ভেজ স্টক দিয়ে দিন। সবটা নেড়ে মিশিয়ে নিন। নুন মরিচ গুঁড়ো ও অল স্পাইস দিয়ে নেড়ে মেশান। তারপর সয়া স্যস দিয়ে নেড়ে দিন। সবটা মিশে গেলে ঢিমে আঁচে রান্না করে নিন। অল্প লেবুর রস মিশিয়ে আঁচ বাড়িয়ে দিন। যখন স্যুপ ফুটে উঠবে তখন বুঝবেন তা তৈরি হয়ে গিয়েছে। এরপর যদি প্রয়োজন মনে করেন তবে একটু জল মেশাতে পারেন। মুচমুচে করে ভাজা নুডুলস ছড়িয়ে পরিবেশন করুন।