বেজিং: চীনা পণ্যের উপর নতুন করে আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মুখ খুলল বেজিং। এ প্রসঙ্গে খোদ চীনা কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপল’স ডেইলিতে হুমকির সুরে হয়েছে, ‘আমেরিকা তাদের আগের ঘোষিত হারে শুল্ক চালু করলে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে যাবে।’ পাশাপাশি মঙ্গলবার বেজিং জানিয়েছে, গ্লোবাল সাপ্লাই চেন থেকে চীনকে সরাতে যারা আমেরিকার পক্ষ নেবে, তাদের কঠিন মূল্য চোকাতে হবে। উল্লেখ্য, গত সপ্তাহে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে ভিয়েতনাম। এর জেরে ভিয়েতনামি পণ্যের উপর মার্কিন শুল্ক ৪৬ শতাংশ থেকে ২০ শতাংশে নেমে এসেছে।
সোমবার পিপল’স ডেইলির নিবন্ধে মার্কিন শুল্কনীতির তীব্র সমালোচনা করে বলা হয়েছে, অন্যদের বোকা বানাচ্ছেন ট্রাম্প। তাদের কথায়, ‘আলোচনা এবং সহযোগিতাই সমস্যা মেটানোর একমাত্র পথ।’ সেই এপ্রিল থেকে আমেরিকা এবং চীনের মধ্যে শুল্ক নিয়ে বিবৃতির লড়াই চলছে। জুন মাসে আলোচনার মাধ্যমে তারা একটি সমঝোতায় পৌঁছয়। এর খুঁটিনাটি অবশ্য এখনও প্রকাশ্যে আসেনি। আর তাতেই চুক্তির সাফল্য নিয়ে বিনিয়োগকারী এবং বাণিজ্যের সঙ্গে যুক্তদের সংশয় বেড়েছে। পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকনমিক্সের মতে, চীনা পণ্যের উপর আমেরিকার গড় শুল্কহার ৫১.১ শতাংশ। অন্যদিকে, মার্কিন পণ্যের উপর চীনা শুল্কহার ৩২.৬ শতাংশ।