নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: পুরনো দলিলের নথি বা রেকর্ড বের করে দেওয়ার জন্য ঘুষ নেওয়ার অভিযোগ। হাতেনাতে পাকড়াও হলেন সিউড়ি রেজিস্ট্রি অফিসের এক কর্মী। আজ, বুধবার বিকেলে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা আচমকাই অভিযান চালিয়ে ওই কর্মীকে হাতেনাতে পাকড়াও করেন। ধৃত কর্মী সিউড়ি রেজিস্ট্রি অফিসে রেকর্ড কিপার হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা অফিস চত্বরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমি বা বাড়ির আসল দলিল কোনো কারণে হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে নতুন করে সেই দলিলের প্রতিলিপি বা নকল বের করার প্রয়োজন হয়। এর জন্য রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপারদেরই দ্বারস্থ হতে হয় সাধারণ মানুষকে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই পুরনো রেকর্ড দ্রুত বের করে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে বেআইনিভাবে টাকা নেওয়ার একটি অলিখিত ‘চল’ তৈরি হয়েছিল ওই অফিসে। টাকা না দিলে দিনের পর দিন সাধারণ মানুষকে ঘোরানো হতো বলে ভুক্তভোগীদের অভিযোগ। এমনই এক সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এদিন সিউড়ির ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার অফিসে আগে থেকেই ফাঁদ পেতেছিলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।
এরপর আজ বিকেলে ওই রেকর্ড কিপার যখন নিজের কাজের জায়গায় এক ব্যক্তির কাছ থেকে ঘুষের টাকা নিচ্ছিলেন বলে অভিযোগ। ঠিক সেই সময়েই সাদা পোশাকে থাকা অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের কর্তারা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। বর্তমানে ওই কর্মীকে অফিসের ভিতরেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দিনের পর দিন ধরে চলা এই ঘুষ চক্রের সঙ্গে অফিসের আরও কেউ বা কোনো দালাল চক্র জড়িত রয়েছে কি না সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।



